মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক কিশোরীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে স্থাপিত একটি চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহর তত্ত্বাবধানে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। উপ-পরিদর্শক (এসআই) মো. সামরুল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হয়।
এসময় আষারিয়ারচর এলাকায় মহাসড়কের ঢাকাগামী লেনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর একপর্যায়ে ১৪ বছর বয়সী মীম আক্তার ছামিরাকে আটক করা হয়। তার কাছে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা তৈরি করে আলামত হিসেবে তা জব্দ করা হয়।
আটককৃত কিশোরীর বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বাগারপুর এলাকায় বলে জানা গেছে। তার পিতা ওমর ফারুক।
পুলিশ জানায়, আটক কিশোরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।