অনলাইন ডেস্ক:
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি স্থাপনার উদ্বোধনী ফলকে নিজের নামের পাশে স্ত্রীর নাম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া। এ ঘটনায় ফলকটি উদ্বোধন না করেই ফিরে যান তিনি। একই সঙ্গে ফলকটি ভেঙে ফেলার নির্দেশ দেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের জন্য বরাদ্দ করা প্রথম গাড়িটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। গাড়িটিকে স্মৃতি হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। এ উদ্দেশ্যে গাড়িটি রাখার স্থানে টিনশেডের একটি স্থাপনা নির্মাণ করা হয়। স্থাপনাটির নাম দেওয়া হয় ‘ঐতিহ্য’।
স্থাপনাটির উদ্বোধনী ফলকে ঢাকা বিভাগীয় কমিশনারের নামের পাশে তাঁর স্ত্রীর নামও লেখা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে সমালোচনা দেখা দেয়।
ঘটনার বিষয়ে বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া জানান, নরসিংদীতে এটি তাঁর পূর্বনির্ধারিত কোনো কর্মসূচি ছিল না। শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হঠাৎ তাঁকে ফলকটি উদ্বোধনের আমন্ত্রণ জানান। সেখানে গিয়ে নিজের নামের পাশে স্ত্রীর নাম দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফলকটি উদ্বোধন না করেই ফিরে আসেন এবং সেটি ভেঙে ফেলার নির্দেশ দেন।
পরে তিনি পূর্বনির্ধারিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এ বিষয়ে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াছমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তেমন কিছু নয়। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক তখনো উপস্থিত থাকায় এ বিষয়ে পরে কথা বলবেন।