হাটের ইজারা নিয়ে সংঘর্ষের মামলা, জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

জেলা প্রতিনিধি:

নেত্রকোণার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মামলার আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে হাইকোর্ট থেকে পাওয়া অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করে ২৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তাদের মধ্যে পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জয়নাল আবেদীনও রয়েছেন।

মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ মে পূর্বধলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে কোরবানির পশুর হাটের ইজারা সংক্রান্ত দরপত্র আহ্বান করা হয়। ইজারাকে কেন্দ্র করে ওই দিন স্থানীয় বিএনপি, যুবদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ঘটনার পাঁচ দিন পর, ২৫ মে আগিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি ওমর শরীফ বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেন। মামলায় জয়নাল আবেদীনসহ জামায়াতে ইসলামীর ৩৩ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়।

মামলার আসামিরা পরবর্তী সময়ে হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার তারা নেত্রকোণার সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে ২৫ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *