হাতিরঝিলকে সবুজ, নির্মল ও পরিচ্ছন্ন রাখতে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজউক চেয়ারম্যানের

মোঃআনজার শাহ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাতিরঝিল এলাকায় পরিচালিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
রাজধানীর অন্যতম জনপ্রিয় ও দৃষ্টিনন্দন বিনোদনস্থল হিসেবে পরিচিত হাতিরঝিল প্রতিদিন হাজারো নগরবাসীর হাঁটাচলা, বিশ্রাম ও অবসর কাটানোর প্রিয় জায়গা। লেক, ব্রিজ ও সবুজ চত্বর ঘিরে গড়ে ওঠা এই এলাকার পরিবেশগত মান ও পরিচ্ছন্নতা ধরে রাখা রাজউকের নিয়মিত দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবেই চেয়ারম্যানের এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনকালে চেয়ারম্যান হাতিরঝিল লেকের বিভিন্ন স্থান ঘুরে দেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। লেকের পানি, পাড়ের পরিবেশ এবং বর্জ্য ব্যবস্থাপনার বিষয়গুলো তিনি নিজে পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিস্তারিত তথ্য জানতে চান। কার্যক্রম যেন সুষ্ঠু, নিয়মিত ও কার্যকরভাবে পরিচালিত হয়, সে বিষয়ে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে চেয়ারম্যান হাতিরঝিলকে সবুজ, নির্মল ও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, এই এলাকার সৌন্দর্য ও পরিবেশগত মান বজায় রাখতে শুধু রাজউকের একক প্রচেষ্টা নয়, বরং স্থানীয় বাসিন্দা, দর্শনার্থী ও সংশ্লিষ্ট সব পক্ষের সচেতন সহযোগিতাও সমান জরুরি।
রাজউক কর্তৃপক্ষ জানিয়েছে, হাতিরঝিলের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়মিত তদারকির মধ্যে রাখা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে নগরবাসী একটি সুস্থ, সবুজ ও দৃষ্টিনন্দন পরিবেশে অবসর সময় কাটাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *