নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) নাসির উদ্দিন রেজার বিরুদ্ধে কর্মক্ষেত্রে হেনস্তা ও হয়রানির অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির সদ্য চাকরিচ্যুত কর্মী মরিয়ম আক্তার টিনা। এ ঘটনায় তিনি রাজধানীর খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে মরিয়ম আক্তার টিনা অভিযোগ করেন, ২০১৮ সালে তিনি ডিএসইর মনিটরিং বিভাগে কর্মরত থাকার সময় তৎকালীন সরাসরি সুপারভাইজার নাসির রেজা তার ব্যক্তিগত পরিস্থিতির সুযোগ নিয়ে বিভিন্নভাবে তাকে হেনস্তা ও উত্ত্যক্ত করতে শুরু করেন।
অভিযোগ অনুযায়ী, নাসির রেজা বিভিন্ন সময়ে তাকে অসময়ে বার্তা পাঠাতেন, ভিডিও কল করতেন এবং বিভিন্ন ধরনের পরোক্ষ ইঙ্গিত দিতেন। একপর্যায়ে অফিসের ক্যান্টিনের সামনে তাকে সরাসরি অনৈতিক প্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগ করেন মরিয়ম টিনা।
তিনি জানান, বিষয়টি সে সময়ের বিভাগীয় প্রধান এবং বর্তমানে অ্যাক্টিং সিআরও শফিকুল ইসলাম ভূঁইয়াকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে তিনি তৎকালীন সিআরও জিয়াউল হাসান খানকে মৌখিকভাবে বিষয়টি অবহিত করেন। জিডিতে দাবি করা হয়েছে, অভিযোগের পর জিয়াউল হাসান খান নাসির রেজা ও শফিকুল ইসলাম ভূঁইয়াকে ডেকে সতর্ক করেছিলেন।
মরিয়ম টিনার অভিযোগ, ওই ঘটনার পর নাসির রেজা তার প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেন। পরে প্রভাবশালী মহল ও প্রশাসনিক সহযোগিতায় নাসির রেজা মানবসম্পদ বিভাগে (এইচআর) বদলি হয়ে আসেন বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগকারীর দাবি, এইচআর বিভাগে দায়িত্ব পাওয়ার পর নাসির রেজা ওই পদ ব্যবহার করে কোনো কারণ দর্শানোর নোটিশ বা সতর্কবার্তা ছাড়াই প্রতিশোধের উদ্দেশ্যে তাকে ছাঁটাইয়ের তালিকায় অন্তর্ভুক্ত করেন।
মরিয়ম টিনা বলেন, একজন সিঙ্গেল মাদার হিসেবে সন্তানকে নিয়ে ঢাকায় জীবনযাপনের জন্য তার চাকরিই ছিল প্রধান অবলম্বন। কর্মক্ষেত্রে কোনো অনিয়ম বা দায়িত্বে গাফিলতির অভিযোগ না থাকা সত্ত্বেও হেনস্তার প্রতিবাদ করায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, এ ঘটনা মানবাধিকার ও শ্রম আইনের গুরুতর লঙ্ঘন।
তিনি ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি, মানবিক ও ন্যায়সংগত বিবেচনায় চাকরিতে পুনর্বহাল এবং ডিএসইতে নারী কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ ছাড়া হেনস্তার প্রতিবাদ করার কারণে অন্যায্যভাবে চাকরিচ্যুত হওয়ার অভিযোগ তুলে স্বপদে পুনর্বহাল ও ন্যায়বিচারের দাবিতে পুঁজিবাজারবিষয়ক সাংবাদিকদের সংগঠন সিএমজেএফ এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সহযোগিতা চেয়েছেন তিনি।
মরিয়ম টিনার দাবি, ডিএসইতে তার কর্মজীবনে কাজ বা শৃঙ্খলাসংক্রান্ত কোনো অনিয়ম কিংবা গাফিলতির অভিযোগ কখনো ওঠেনি। এমনকি চাকরিচ্যুতির আগে ডিএসই কর্তৃপক্ষ তাকে কোনো নোটিশ বা সতর্কবার্তাও দেয়নি বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে নাসির উদ্দিন রেজার বক্তব্য জানতে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, জিডির বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুরাত আল হোসাইন বলেন, ভুক্তভোগী নারী একটি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তে একজন কর্মকর্তা কাজ করছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।