১‌কো‌টি টাকার ঔষধ কি‌নে ৪‌কো‌টি টাকার বিল, তদন্ত টিমের হাসপাতাল পরিদর্শন

মোঃ শামীম হোসেন সিকদার:

বান্দরবানের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীর বিরুদ্ধে ১ কোটি টাকার ঔষধ ক্রয় করে পার্বত্য জেলা পরিষদ থেকে ৪ কোটি টাকার বিল উত্তোলনের বিষয়ে ৫ সদস্যের তদন্ত কমিটির কর্মকর্তারা বুধবার (১ জুলাই) সকালে হাসপাতাল পরিদর্শন করেন।

তদন্ত টিমের ৫ জন হচ্ছেন পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. লেনিন তালুকদার, পার্বত্য জেলা পরিষদের পিএস টু চেয়ারম্যান (অঃদাঃ) মুহাঃ আবুল মনসুর, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা এবং হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা এম. মুহিব্বুল হাসান। তবে হাসপাতালের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন না।

এ সময় পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বান্দরবান সদর হাসপাতালের টেন্ডারের বিষয়ে যে অভিযোগ হয়েছে, পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নির্দেশ দিয়েছেন এটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। এ বিষয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান আমাকে দায়িত্ব দিয়েছেন। এ বিষয়ে আমরা সিভিল সার্জনকে জানিয়েছি যে, আমরা এখানে এসেছি, আমাদের সহযোগিতা করার জন্য। আমরা এখানে টেন্ডার পদ্ধতি সঠিক আছে কিনা তা খতিয়ে দেখব এবং টেন্ডারে ঔষধসহ যেসব সামগ্রী আছে, তা সঠিকভাবে কেনা হয়েছে কিনা, তা আমরা প্রতিবেদনে নিয়ে আসব।

এর আগে মঙ্গলবার (৩০ জুন) পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে ৫ সদস্যের এ তদন্ত টিম গঠন করা হয়।

সূত্রে জানা গেছে, বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন কর্তৃক ৪ কোটি টাকার ঔষধ ক্রয়ের বিপরীতে মাত্র ১ কোটি টাকার ঔষধ ক্রয় করে অবশিষ্ট ৩ কোটি টাকা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে উত্তোলন করা হয়। এ বিষয়ে তদন্ত করার লক্ষ্যে বুধবার (১ জুলাই) সকাল ১১টায় পরিষদ কর্তৃক গঠিত ৫ সদস্যবিশিষ্ট কমিটি সদর হাসপাতালে তদন্ত কার্যক্রম পরিচালনা করে। এ সময় তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কমিটিকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য সিভিল সার্জনকে অনুরোধ করা হয় ওই পত্রের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *