১,৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, নারায়ণগঞ্জ ডিবির অভিযান

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ১,৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শুক্রবার (৫ জুন) রাতে ফতুল্লা থানাধীন উত্তর নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (সি-জোন) অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মান্নানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) বিরাজ দাসের নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে ফতুল্লা থানার উত্তর নরসিংহপুর এলাকার মেসার্স একতা ট্রেডার্সের সামনে পাকা সড়কের ওপর সন্দেহজনক অবস্থানে থাকা এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ১৫০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন দিল মোহাম্মদ ওরফে আব্দুর রশিদ (৪৫)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার বড় হাবির পাড়া এলাকার বাসিন্দা এবং মকবুল আহম্মদের ছেলে।

ডিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, মাদক কারবার ও মাদক পাচারের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অভিযান ভবিষ্যতেও একইভাবে চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *