মোহাম্মদ হোসেন হ্যাপী:
আসন্ন রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারি ও পাচারকারী চক্র। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে কোস্টগার্ড একটি বড় চোরাকারবারি চক্রের এক সদস্যকে আটক করেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় কোস্টগার্ড পাগলা স্টেশনের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশির ফলে জব্দ করা হয় শুল্ক কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এবং একটি কাভার্ড ভ্যান। জব্দ করা শাড়ির আনুমানিক মূল্য ২০ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা।
দুপুরে এই তথ্য কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে ৪টায় ফতুল্লার শিবু মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয় এবং এর সঙ্গে জড়িত একজন পাচারকারীকে আটক করা হয়েছে। পরে জব্দ মালামাল, কাভার্ড ভ্যান এবং আটক ব্যক্তিকে ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, “এ ঘটনায় মামলা ও যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ অভিযানকে স্থানীয় প্রশাসন এবং সাধারণ জনগণ চোরাচালান রোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করছেন। বিশেষত উৎসব ও বিপুল বাজার সরবরাহের সময় এই ধরনের অভিযান যথেষ্ট গুরুত্ব বহন করে বলে মনে করা হচ্ছে।