২০ ফুট গভীর গর্তে মাটিচাপা শ্রমিক, ৯৯৯-এ ফোনের পর ফায়ার সার্ভিসের তৎপরতায় জীবিত উদ্ধার

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাবো উপজেলায় সেফটি ট্যাংক খননের সময় প্রায় ২০ ফুট গভীর গর্তে মাটিধসে চাপা পড়া এক শ্রমিককে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকলের পর ফায়ার সার্ভিসের সদস্যরা জীবিত উদ্ধার করেছেন। সময়মতো উদ্ধার অভিযান পরিচালনা করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান ওই শ্রমিক।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (২২ জুলাই) রাত ৮টা ৫৭ মিনিটে বেলাবো থানার বাড়িচা কুকুরমারা এলাকার শান্তিপুরে হারুন মিয়ার বাড়িতে সেফটি ট্যাংক খননের কাজ চলছিল। এ সময় হঠাৎ মাটি ধসে প্রায় ২০ ফুট গভীর গর্তে আটকা পড়েন শ্রমিক মোশারফ হোসেন (৪০)

ঘটনার পর স্থানীয় এক ব্যক্তি দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে উদ্ধার সহায়তা চান। ফোনকল পাওয়ার সঙ্গে সঙ্গেই ৯৯৯ থেকে বিষয়টি নরসিংদী ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল উজ্জ্বল মিয়া। উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করেন ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. মেহেদী হাসান

খবর পেয়ে নরসিংদী ও বেলাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিএম শিমুল মোহাম্মদ রাফির নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর এক্সকাভেটরের সাহায্যে সতর্কতার সঙ্গে মাটি সরিয়ে প্রায় ২০ ফুট গভীর গর্ত থেকে জীবিত অবস্থায় মোশারফ হোসেনকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর আহত শ্রমিককে দ্রুত বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। মোশারফ হোসেন নরসিংদীর বেলাবো উপজেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সময়মতো ৯৯৯-এ ফোন করা এবং ফায়ার সার্ভিসের দ্রুত উপস্থিতির কারণেই শ্রমিকের প্রাণ রক্ষা সম্ভব হয়েছে।

এমএসি/এমএসএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *