নিজস্ব প্রতিবেদক:
আগামী ২১ জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৭ সালের ২৭ মে’র মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ-সংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের বিষয়ে প্রাক্-প্রস্তুতিমূলক সভা হয়েছে। প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করা হবে।
ইসি সূত্রে জানানো হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সময়সূচি নির্ধারণের অংশ হিসেবে এ পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে।