২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় কমিটি গঠনের নির্দেশ এনসিপির

নিজস্ব প্রতিবেদক:

সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি হিসেবে দেশের সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জেলা ইউনিটগুলোকে এসব কমিটি গঠনের কাজ শেষ করতে বলা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশনাপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। শনিবার দলের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি দেওয়া সম্ভব না হলে প্রথমে ১১ থেকে ১৫ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা যাবে। পরে ওই কমিটিকে ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

ইতোমধ্যে যেসব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং ভবিষ্যতে যেসব উপজেলায় কমিটি গঠন করা হবে, সেসব কমিটিকে ইউনিয়ন পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠনের কাজ শুরু করতে বলা হয়েছে।

নেতৃত্ব বাছাইয়ে বয়সের শর্ত

উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের ক্ষেত্রে বয়সের বিষয়েও নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে এনসিপি। এতে উপজেলা আহ্বায়কের বয়স ৪০ বছরের বেশি রাখার কথা বলা হয়েছে। সদস্যসচিবের বয়স ৩৫ বছরের বেশি হলে ভালো; তবে কোনোভাবেই ৩০ বছরের নিচে কাউকে এ পদে রাখা যাবে না।

যারা ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন অথবা সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন, তাদের আহ্বায়ক কিংবা সদস্যসচিব পদে অগ্রাধিকার দেওয়া যেতে পারে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

আহ্বায়ক ও সদস্যসচিবের মধ্যে অন্তত একজনের বাসা শহর বা শহরের আশপাশে হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দুজনেরই শহর বা শহরতলিতে বসবাস হলে তা আরও ভালো বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের গুরুত্ব

নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় মানুষের কাছে গ্রহণযোগ্যতা, পরিচিতি ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতার পাশাপাশি সংগঠনের প্রতি আনুগত্য রয়েছে—এমন পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিদের বিবেচনায় নেওয়ার নির্দেশ দিয়েছে দলটি।

কমিটিতে নারী ও বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলা আহ্বায়ক কমিটিতে ন্যূনতম ৫ শতাংশ নারী প্রতিনিধিত্ব রাখতে বলা হয়েছে। পাশাপাশি অঞ্চলভিত্তিক বিভিন্ন ধর্মীয় ও জাতিগোষ্ঠীর আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

২৯ সেপ্টেম্বর অগ্রগতি প্রতিবেদন

নির্দেশনায় আরও বলা হয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর সব জেলা ইউনিটের আহ্বায়ক ও সদস্যসচিবকে উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মুখ্য সংগঠকের কাছে লিখিত প্রতিবেদন দিতে হবে।

দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে প্রস্তুত করার অংশ হিসেবেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনসিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *