Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রস্তুতি সভা - দৈনিক স্বাধীন সংবাদ

৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রস্তুতি সভা

কামরুল ইসলাম:

আশেকে রাসুল (সা.) হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রাহ. আ.) শাহ সাহেব কেবলা চুনতী প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) আগামী ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার থেকে চুনতী সীরত ময়দানে শুরু হতে যাচ্ছে। মাহফিলটি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রস্তুতি সভা।

১৮ আগস্ট মঙ্গলবার বাদ মাগরিব ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এবং রিজওয়ান গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান সমন্বয়কের বক্তব্য দেন মাহফিল মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপ-কমিটির প্রধান সমন্বয়ক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত।

ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রবিউল হাসান আশিকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কমিটির প্রধান পৃষ্ঠপোষক, সিবিএম গ্রুপের পরিচালক ও চট্টগ্রাম সমিতি ঢাকা’র সাবেক সাধারণ সম্পাদক এম. নাছির উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক জাহেদুর রহমান।

সভায় আরও বক্তব্য দেন নোমান গ্রুপের সাবেক কোম্পানি সেক্রেটারি নুরুল আবসার; ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম; বায়তুশ শরফ ঢাকা’র পরিচালক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মাওলানা ঈসা শাহেদী; চুনতী সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি কফিল উদ্দিন লিটু; চট্টগ্রাম সমিতি ঢাকা’র ভারপ্রাপ্ত সভাপতি ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. শফিউল আজম চৌধুরী; ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান; সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী; সাবেক অতিরিক্ত সচিব আবু মোহাম্মদ মহিউদ্দিন কাদেরী; কোষাধ্যক্ষ আরিফ উদ্দিন এবং সাতকানিয়া-লোহাগাড়া সমিতি ঢাকা’র সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট অতিথি ও সুধীজন।

সভায় বক্তারা বলেন, ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ, শিক্ষা, মানবিক মূল্যবোধ, সৌহার্দ্য ও শান্তির বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি অনন্য ও ঐতিহাসিক আয়োজন। যুগ যুগ ধরে এ মাহফিল নবীর সীরত চর্চা, নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বক্তারা মাহফিল চলাকালে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে মাহফিলের সার্বিক কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় জানানো হয়, এবারের ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর প্রাক্কলিত ব্যয় প্রায় ৬ কোটি টাকা। দেশ-বিদেশে কর্মরত মাহফিলের বিভিন্ন উপ-কমিটির মাধ্যমে আর্থিক সহযোগিতা সংগ্রহ এবং সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিবছরের মতো এবারও মাহফিল সফলভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মাহফিলের সার্বিক কার্যক্রমে সহযোগিতার জন্য ধর্মপ্রাণ মুসলমান, সীরতপ্রেমী জনসাধারণ, দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষী এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক সহযোগিতার আহ্বান জানান বক্তারা।

প্রস্তুতি সভায় ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে মাহফিলের প্রচার-প্রচারণা, অর্থ সংগ্রহ, অতিথি আপ্যায়ন, নিরাপত্তা, যোগাযোগ ও সার্বিক ব্যবস্থাপনা আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সভা শেষে ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর সকল কার্যক্রম মহান আল্লাহর দরবারে কবুল ও বরকতময় হওয়ার কামনায় এবং দেশ-বিদেশে অবস্থানরত মাহফিলের অসংখ্য ভক্ত-কর্মীর জন্য দোয়া কামনা করে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *