৬০ টাকা বেতনের ওমেদার আমজাদ শত কোটি টাকার মালিক

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী গ্রামের বাসিন্দা আমজাদ এক সময় ছিলেন সোনারগাঁও সাব-রেজিস্ট্রার অফিসের একজন সাধারণ ওমেদার। সরকারি নথি অনুযায়ী তার দৈনিক হাজিরা মাত্র ৬০ টাকা। কিন্তু সময়ের ব্যবধানে সেই সামান্য বেতনের কর্মচারী এখন শত কোটি টাকার মালিক—যা স্থানীয় জনগণ ও সচেতন মহলে ব্যাপক চাঞ্চল্য ও প্রশ্নের জন্ম দিয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, আমজাদ দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রার অফিসকে ঘিরে একটি প্রভাবশালী সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। জমি রেজিস্ট্রেশন, দলিল লেখার অনুমোদন, খতিয়ান সংশোধন, নামজারি ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে জমি হাতিয়ে নেওয়ার মতো স্পর্শকাতর কাজে তার প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকার অভিযোগ রয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে অল্প সময়েই তিনি বিপুল অর্থসম্পদের মালিক হন বলে অভিযোগ।

অভিযোগ রয়েছে, আমজাদ নিজেকে আওয়ামী লীগের প্রভাবশালী দোসর হিসেবে পরিচয় দিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর প্রভাব বিস্তার করতেন। রাজনৈতিক ছত্রছায়া ব্যবহার করে তিনি বছরের পর বছর ধরে অবৈধ কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে গেছেন। স্থানীয় ভূমি মালিকদের অনেকেই অভিযোগ করেন, জোরপূর্বক বা কৌশলে জমি দখলের পেছনে আমজাদের ভূমিকা ছিল মুখ্য।

বারদী ও আশপাশের এলাকায় আমজাদের নামে-বেনামে বিপুল পরিমাণ জমি, বহুতল ভবন, মার্কেট, মাছের ঘের ও বাণিজ্যিক স্থাপনার অস্তিত্ব পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। শুধু তাই নয়, তার পরিবারের সদস্যদের নামেও রয়েছে বিপুল সম্পদ। অথচ এসব সম্পদের কোনো বৈধ আয়ের উৎস এখনো জনসম্মুখে স্পষ্ট নয়।

স্থানীয়দের প্রশ্ন, একজন ৬০ টাকা বেতনের ওমেদার কীভাবে শত কোটি টাকার মালিক হতে পারেন? কারা তাকে এই অবৈধ সম্পদ গড়ার সুযোগ করে দিয়েছে? সাব-রেজিস্ট্রার অফিসের কোন কোন কর্মকর্তা তার সঙ্গে জড়িত ছিলেন—এসব প্রশ্নের উত্তর এখনো অজানা।

সুশাসন ও দুর্নীতিবিরোধী সংগঠনগুলোর দাবি, আমজাদের মতো ব্যক্তিদের উত্থান প্রমাণ করে যে ভূমি প্রশাসনে দীর্ঘদিন ধরে একটি দুর্নীতির চক্র সক্রিয় রয়েছে। তারা অবিলম্বে আমজাদের সম্পদের অনুসন্ধান, আয়কর রেকর্ড যাচাই এবং দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে স্থানীয় সচেতন নাগরিকদের আশা, সোনারগাঁও সাব-রেজিস্ট্রার অফিসে গড়ে ওঠা এই অবৈধ সাম্রাজ্যের তদন্ত হলে বহু অজানা তথ্য বেরিয়ে আসবে এবং সাধারণ মানুষের আস্থা কিছুটা হলেও ফিরবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *