বিনোদন ডেস্ক:
নব্বইয়ের দশকের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘বেওয়াচ’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন মার্কিন অভিনেত্রী এরিকা এলেনিয়াক। কয়েক দশক পর আবারও আলোচনায় এসেছেন ৫৭ বছর বয়সী এই অভিনেত্রী। তবে এবার অভিনয়ের জন্য নয়, সাবস্ক্রিপশনভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম অনলি ফ্যানস থেকে বিপুল অর্থ আয়ের কারণে খবরের শিরোনাম হয়েছেন তিনি।
আন্তর্জাতিক বিনোদনমাধ্যম টিএমজেডের তথ্য অনুযায়ী, অনলি ফ্যানসে যোগ দেওয়ার পর মাত্র তিন মাসে প্রায় ৩ লাখ ডলার আয় করেছেন এরিকা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩ কোটি টাকারও বেশি। এভাবে আয় অব্যাহত থাকলে প্রথম বছরেই তাঁর উপার্জন ১০ লাখ ডলারে পৌঁছাতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে অনলি ফ্যানসে যুক্ত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন অভিনেত্রী। তিনি বলেন, প্রথমবার প্ল্যাটফর্মটিতে যোগ দেওয়ার কথা ভেবে তাঁর মনে হয়েছিল, বিষয়টি হয়তো ভালো লাগবে না। কিন্তু এখন তিনি এটি দারুণ উপভোগ করছেন। এর মাধ্যমে আশির দশক থেকে তাঁর ক্যারিয়ার অনুসরণ করা অনেক ভক্তের সঙ্গে নতুন করে যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।
এরিকা আরও বলেন, অনলি ফ্যানসে যোগ দেওয়ার পর বিষয়টি তাঁর জীবনের সঙ্গে এতটা আবেগের জায়গা থেকে যুক্ত হয়ে যাবে, তা তিনি কখনো ভাবেননি। তাঁর ভাষ্য, জীবনে প্রথমবারের মতো নিজেকে সত্যিকার অর্থে ভালোবাসা, প্রশংসা ও আত্মবিশ্বাসে পরিপূর্ণ মনে হচ্ছে। এই অভিজ্ঞতা তাঁর জীবনে আনন্দ যোগ করেছে।
টিএমজেডের প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে অনলি ফ্যানসে অ্যাকাউন্ট খোলার পর শুরুতে সপ্তাহে প্রায় ১০ হাজার ডলার আয় করতেন এরিকা। বর্তমানে তাঁর আয় সেই অঙ্ক ছাড়িয়ে গেছে। এর আগে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, প্ল্যাটফর্মটিতে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়েছে।
অনলি ফ্যানস একটি সাবস্ক্রিপশনভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম। এখানে শিল্পী, ক্রীড়াবিদসহ বিভিন্ন শ্রেণির কনটেন্ট নির্মাতারা নিজেদের তৈরি কনটেন্টের বিনিময়ে সরাসরি গ্রাহকদের কাছ থেকে অর্থ নিতে পারেন। নির্দিষ্ট অর্থের বিনিময়ে সাবস্ক্রাইবাররা পছন্দের নির্মাতাদের কনটেন্ট দেখার সুযোগ পান।
অনলি ফ্যানসে যুক্ত হওয়ার পর ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনেও মুগ্ধ এরিকা। তিনি বলেন, এত বছর পরও যে অনেক মানুষ তাঁর পাশে রয়েছেন, তা তাঁকে আবেগাপ্লুত করেছে। কেউ কেউ তাঁর ক্যারিয়ারের শুরু থেকেই তাঁকে অনুসরণ করছেন। তাঁদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী।
এরিকা জানান, শুরুতে ভক্তদের সঙ্গে যোগাযোগের একটি আনন্দদায়ক মাধ্যম হিসেবেই অনলি ফ্যানসে যুক্ত হওয়ার কথা ভেবেছিলেন। ‘বেওয়াচ’ সিরিজে সাঁতারের পোশাকে অভিনয়ের সময় নিজের চেহারা ও শরীর নিয়ে অনেক সময় অস্বস্তিতে ভুগতেন তিনি। তবে এখন নিজের শরীর নিয়ে আগের তুলনায় অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।
প্ল্যাটফর্মটিতে যুক্ত হওয়ার পর খুব বেশি নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়তে হয়নি বলেও জানান তিনি। এরিকার ভাষ্য, অনেকেই তাঁকে উৎসাহ দিয়েছেন এবং নিজের মতো করে অভিজ্ঞতাটি উপভোগ করতে বলেছেন। কিছু নেতিবাচক মন্তব্য থাকলেও সেগুলো এড়িয়ে চলেন তিনি।
অনলি ফ্যানসকে অনেকেই প্রাপ্তবয়স্কদের কনটেন্টের প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করেন। তবে এরিকা মনে করেন, প্ল্যাটফর্মটি এখন আধুনিক ফ্যান ক্লাবের মতো হয়ে উঠছে, যেখানে সরাসরি ভক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব। বিশেষ করে বিনোদন অঙ্গনের নারীদের নিজেদের ছবি ও কনটেন্টের ওপর নিয়ন্ত্রণ থাকা জরুরি বলে মনে করেন তিনি।
নিজের তৈরি কনটেন্ট কীভাবে প্রকাশ করবেন, সে সিদ্ধান্ত নিজেই নিতে পারছেন—এ বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন অভিনেত্রী এরিকা এলেনিয়াক।