নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা করা ২২টি অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম শনাক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো ধরনের লেনদেন না করতে এবং তাদের কার্যক্রম থেকে বিরত থাকতে সর্বসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট সেবা প্রদান করলে তা ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।
বাংলাদেশ ব্যাংকের শনাক্ত করা লাইসেন্সবিহীন ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম হলো—বহুদুরপে, জিনিপে, পেটিলার, বেঙ্গলিপে, পেওরা বিডি, সহজপে বিডি, ইজিপেওয়ে, একে পে, বিডি পে, সাজগারপে, আস্থাপের বা সিপে, উদ্যোক্তাপের, ওয়ালেটমিক্স, বিটিটিপে, ইজি পে অটোমেশন, ইউনিকপে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজিপে, অটোপে লিমিটেড, বিশ্বস্ত ও পিপ্রাপের।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এসব প্ল্যাটফর্মে লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের আর্থিক ঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে অনুমোদনহীন প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করলে আইনি জটিলতার আশঙ্কাও রয়েছে।
কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য আইনি ঝুঁকি এড়াতে লাইসেন্সবিহীন এসব প্ল্যাটফর্মের কার্যক্রম পরিচালনা না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
একই সঙ্গে এসব প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ পাঠানো, গ্রহণ বা অন্য কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।