কামরুল ইসলাম:
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকলিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমানের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোডের মোরশেদ টাওয়ারের সামনে পাকা সড়কে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় সংঘর্ষকারীরা জনসাধারণের জানমালের ক্ষতি ও নাশকতা সৃষ্টির চেষ্টা করে। পাশাপাশি রাস্তায় চলাচলরত সিএনজি অটোরিকশার গ্লাস ভাঙচুর এবং পরস্পরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। ঘটনার সংবাদ পেয়ে টহলরত পুলিশ টিম নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন বাকলিয়া থানার নবাগত ওসি শাহীনুর রহমান। পরে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর সংঘর্ষের ঘটনায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের জন্য বিশেষ অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।