জেলা প্রতিনিধি:
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী যেখানে অনিয়ম দেখছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না। যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সমাজ থেকে মাদক দূর করার বিষয়ে কাজ চলছে। শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকে এবং মাদকের সঙ্গে কোনোভাবেই জড়িয়ে না পড়ে, সে জন্য খেলাধুলাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে।
তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের আওতায় ইতোমধ্যে কমিটি করা হয়েছে। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে চাই। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে অবস্থান নিতে হবে।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সবাই সম্মিলিতভাবে কাজ করলে মাদক নির্মূল করা সম্ভব। সরকার মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে। মাদক সেবনের কারণে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।
মাদক প্রসঙ্গে তিনি বলেন, মাদক দেশে উৎপাদিত হয় না। তার দাবি, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে এসব দেশে ঢুকিয়ে দিয়ে যুবসমাজকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে।
রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, মাদকের বিষয়ে কোনো তদবির চলবে না। নিজ নিজ অবস্থান থেকে মানুষকে সচেতন করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পুলিশ বাহিনীও নিজেদের সদস্যদের বিষয়ে সর্বোচ্চ পদক্ষেপ নেবে, যাতে কেউ মাদক-সম্পর্কিত কর্মকাণ্ডে জড়িত হতে না পারে।
তিনি আরও বলেন, মাদকের বিষয়ে তারাও খোঁজখবর নিচ্ছেন। সামাজিকভাবে এটিকে আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা চলছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এ উদ্যোগ সফল করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে টাঙ্গাইল পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম মিঞা, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার এবিএম সিদ্দিক, সরকারি পুলিশ সুপার নিজাম উদ্দিনসহ সদর, দেলদুয়ার, মির্জাপুর, গোপালপুর, বাসাইল ও ধনবাড়ী থানার অফিসার ইনচার্জরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লবসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
খেলা পরিচালনা করেন প্রধান রেফারি আজগর আলী। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শওকত, মোস্তফা কামালসহ পাঁচজন।
কাবাডি প্রতিযোগিতা শেষে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।