নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক গেটওয়ে কোম্পানি অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহিউদ্দিন মজুমদারকে অর্থপাচার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মামলায় ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
দুদকের কৌঁসুলি মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, অর্থপাচারের দায়ে দুই আসামিকে ১২ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকার দ্বিগুণ, অর্থাৎ ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে তাদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় তাদের মোট ১২ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
রায়ে বলা হয়েছে, নির্ধারিত অর্থদণ্ড পরিশোধ না করলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। আদালতের স্টেনোগ্রাফার সোহানুর রহমান জানান, আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আন্তর্জাতিক ইনকামিং কলের মাধ্যমে ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা মূল্যের ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ মার্কিন ডলার পাচারের অভিযোগে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ মামলা করেন।
তদন্ত শেষে গত বছরের ২৫ মার্চ দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা জালাল উদ্দিন আহাম্মদ। গত ৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত আটজন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামিরা পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি।