রেকর্ডিংয়ের এক ঘণ্টা আগে নতুন গানটির খবর পান সুতপা

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক অদিত রহমানের সুর ও সংগীতে প্রকাশিত হয়েছে নতুন গান ‘মেঘ আড়ালে’। দিবাশ কৃষ্ণ বিশ্বাসের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন সুতপা মণ্ডল ও মঙ্কস পার্ল। গত ১৫ অক্টোবর গানচিল মিউজিক থেকে গানটি প্রকাশিত হয়।

বৃষ্টির ফোঁটা, কালো মেঘে ঢাকা আকাশ কিংবা জানালার বাইরে তাকিয়ে থাকার দৃশ্যের মধ্য দিয়ে ফুটে উঠেছে অপেক্ষা, দূরত্ব ও বিচ্ছেদের অনুভূতি। প্রিয়জনকে কাছে না পাওয়ার বেদনা ও স্মৃতির আবেশকে সুরে ধারণ করেছে ‘মেঘ আড়ালে’। গানটিতে মিশে আছে অপেক্ষার নীরবতা, বিষাদ ও ভালোবাসার একান্ত অনুভব।

গানটির দৃশ্যায়নেও রয়েছে বিশেষ আয়োজন। পুরোনো দিনের শিল্পীর ঘর, ক্যানভাস, গ্রামোফোন, প্রাচীন আসবাব ও বাদ্যযন্ত্রে সাজানো পরিবেশের পাশাপাশি আলো ও রঙের ব্যবহার দৃশ্যগুলোতে তৈরি করেছে সিনেমাটিক আবহ। গাঢ় নীল ও সবুজাভ রঙের সঙ্গে সোনালি আলোর বৈপরীত্য গানটির দৃশ্যকল্পে এনেছে স্বতন্ত্র নান্দনিকতা।

গানটি নিয়ে সুতপা মণ্ডল বলেন, “এ গানের জন্য সাতক্ষীরা থেকে ঢাকায় এসেছিলাম। রেকর্ডিংয়ের মাত্র এক ঘণ্টা আগে নতুন গানটির কথা জানতে পারি। এমনকি এর কথা বা লিরিক্সও আগে দেখিনি। গানটির নারী কণ্ঠের অংশে কণ্ঠ দেওয়ার পাশাপাশি পুরো আয়োজনে আমার দুই বোন সুহানি ও শ্রেষ্ঠাও যুক্ত রয়েছে।”

অন্যদিকে মঙ্কস পার্ল বলেন, “‘মেঘ আড়ালে’ আমার কাছে সৃষ্টির এক নতুন যাত্রা। গানচিল ও ফ্যাটম্যান অরিজিনালস প্রোডাকশনকে ধন্যবাদ এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য। আশা করি, গানটি সবার ভালো লাগবে।”

গানটি শুনতে: https://youtu.be/D1DEqcUjUu4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *