আইজিপিকে ‘নতুন বেনজীর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে ‘নতুন বেনজীর’ আখ্যা দিয়ে তাঁর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, সরকার নির্দেশ দিলে আইজিপি ক্রসফায়ার চালাবেন—এমন বক্তব্য পুলিশের ওপর আবারও নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি করতে পারে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর মুগদায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “পুলিশে নতুন বেনজীর এসেছেন। সরকার বললে নাকি তিনি ক্রসফায়ার চালাবেন।” ক্রসফায়ার চালানো হলে পুলিশের ওপর আবারও নিষেধাজ্ঞা আসতে পারে উল্লেখ করে তিনি আইজিপির বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় পুলিশের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রক্ষা করা কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।

জনগণের সমস্যা নিয়ে আবারও রাজপথে নামার প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, সরকার সংসদে জনগণের সমস্যা নিয়ে কথা বলতে বলেছিল। কিন্তু সেখানে সমস্যার সমাধান হয়নি। এ কারণে তাঁদের আবার রাজপথে নামতে হয়েছে।

তিনি বলেন, মানুষ মাসে মাসে টাকা দিয়েও গ্যাস পাচ্ছেন না। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। জনগণকে কষ্ট দেওয়ার কারণেই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

চাঁদাবাজির অভিযোগ তুলে নাসীরুদ্দীন বলেন, সরকারদলীয় লোকজন অটোরিকশা ও দোকান থেকে চাঁদাবাজি করছেন। তাঁদের বিরুদ্ধে চক্রবৃদ্ধি হারে চাঁদাবাজির ব্যবসা চালানোর অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, আগে ছাত্রলীগ চাঁদাবাজি করত, এখন ছাত্রদল করছে।

সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ বিভিন্ন জায়গায় সরকারদলীয় লোকজন অস্ত্র হাতে নেমেছেন বলেও অভিযোগ করেন নাসীরুদ্দীন। এতে কে ডাকাত, কে চাঁদাবাজ আর কে মাদক ব্যবসায়ী—তা নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমের ওপর জুলুমতন্ত্র চলছে অভিযোগ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমার দেশ’ পত্রিকার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সাংবাদিকদেরও নিরাপত্তা নেই। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *