কামরুল হাসান:
চট্টগ্রামের আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য ও অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সাংবাদিক পরিবারের নেতৃবৃন্দ।
এক প্রতিবাদ বিবৃতিতে তারা বলেন, ওসি কামরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে ছড়ানো অভিযোগের বিষয়ে তার অজ্ঞাতসারে আকবর শাহ থানা এলাকায় খোঁজ নিয়ে তারা জানতে পেরেছেন, প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।
প্রতিবাদকারীরা বলেন, ওসি কামরুজ্জামান একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান সবসময় দৃঢ় ছিল এবং তিনি কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেননি বলেও দাবি করেন তারা।
তারা আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
একই সঙ্গে ওসি কামরুজ্জামানের বিরুদ্ধে প্রচারিত অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানান প্রতিবাদকারীরা।