আড়াইহাজারে জেলা প্রশাসকের নেতৃত্বে র‍্যালি, মতবিনিময় ও খাদ্যসামগ্রী বিতরণ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলাজুড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে আজ ২৬-৯-২৬, রোজ শনিবার, জেলার সকল উপজেলা ও ইউনিয়নে একযোগে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে আড়াইহাজার উপজেলায় আয়োজিত বিশেষ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) জনাব মোঃ রায়হান কবির। কর্মসূচির শুরুতেই তিনি উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির নানা বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি আড়াইহাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে স্থানীয় সাধারণ জনগণের মুখোমুখি হয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে নানামুখী আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক। এ দিনের কর্মসূচির অন্য একটি বিশেষ অংশ ছিল পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ এবং এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ। সচেতনতামূলক আলোচনায় বক্তারা এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং প্রতিটি বাড়িঘর ও তার আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।

জেলার সকল উপজেলা ও ইউনিয়নে একযোগে পরিচালিত এই বৃহৎ পরিচ্ছন্নতা কার্যক্রমে সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির ডেঙ্গুর প্রকোপ রুখতে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দিয়ে বলেন, “শুধু সরকারি উদ্যোগ নয়, ডেঙ্গু থেকে বাঁচতে প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং নিজের চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে।” তিনি জেলার সকল সচেতন নাগরিককে এই পরিচ্ছন্নতা অভিযানে শামিল হওয়ার উদাত্ত আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *