মনিরুল ইসলাম:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে আড়াইহাজার থানা পুলিশ। গত ৬ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিশনন্দী ঢেংপাড়া এলাকায় মাদকের একটি বড় চালান এসেছে—এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে অভিযানের খবর পেয়ে মাদকচক্রের সদস্যরা আগেই কিছু মাদক সরিয়ে ফেলতে সক্ষম হয়। এরপরও অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, বিশনন্দী এলাকাসহ আশপাশের অঞ্চলে দীর্ঘদিন ধরে একটি সক্রিয় মাদকচক্র কাজ করছে। তারা বিভিন্ন সময়ে বড় বড় চালান এনে এলাকায় মাদক ছড়িয়ে দিচ্ছে, যা সমাজে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে।
এলাকাবাসী জানান, মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং অপরাধ প্রবণতা বাড়ছে। তারা দ্রুত সময়ের মধ্যে এসব মাদক কারবারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে আড়াইহাজার থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।