প্রতিবেদন:কাওসার হোসেন জয় :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ৮২ হাজার ৫০০ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পুলিশ। এ সময় পলিথিন পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ এবং এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরও ২-৩ সদস্য পালিয়ে যায়।
মঙ্গলবার বিকেলে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক মো. নজরুল মিয়া (৫০) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদি গ্রামের নাচ্চু মিয়ার ছেলে। তিনি বর্তমানে ঢাকার শ্যামপুরের ধুলাইপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, আড়াইহাজার থানার এসআই আব্দুল বাছেদের নেতৃত্বে পুলিশের একটি দল ছনপাড়া-পুরিন্দা সড়কে দায়িত্ব পালনকালে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, ঢাকা থেকে একটি মিনি পিকআপে করে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন নরসিংদীর দিকে নেওয়া হচ্ছে। পরে বিকেল ৩টার দিকে ঢাকা মেট্রো-ন-২০-৭৮৪০ নম্বরের একটি মিনি পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে ১১৫ বস্তা সবুজ ও ৩৫ বস্তা সাদা রঙের মোট ১৫০ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। ডিজিটাল স্কেলে ওজন করে দেখা যায়, উদ্ধার করা পলিথিনের পরিমাণ ৩ হাজার ১২৫ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮২ হাজার ৫০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নজরুল দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিনের ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া পলিথিনের বৈধ কোনো কাগজপত্রও তিনি দেখাতে পারেননি।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন বলেন এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, অনুযায়ী আড়াইহাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।