মেহেরপুর সীমান্ত থেকে অস্ত্র এনে নারায়ণগঞ্জে বিক্রি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩

সূর্য আহমেদ মিঠুন:

মেহেরপুর সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে নারায়ণগঞ্জে বিক্রির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭.৬৫ বোরের একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টাঙ্গাইল সদর উপজেলার জসিম উদ্দিন ওরফে শিষনাগ জসিম (৪৫), নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকার মো. শফিকুর রহমান রনি (৩৫) এবং পটুয়াখালী সদর উপজেলার মো. লিটন ওরফে পাইলট লিটন (৪৫)।

অভিযোগ রয়েছে, তারা মেহেরপুর সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ৭.৬৫ বোরের বিদেশি পিস্তলটি জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *