আদমজীর কারখানায় তৈরি স্যুট যাচ্ছে বিশ্বের নামী ব্র্যান্ডে, বছরে রপ্তানি ৯৮ মিলিয়ন ডলার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের স্যুট, ব্লেজার ও ট্রাউজার। রোমানিয়া ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত ‘ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেড’ থেকে বছরে প্রায় ৫০ লাখ পিস পোশাক রপ্তানি হচ্ছে আন্তর্জাতিক বাজারে। সর্বশেষ অর্থবছরে প্রতিষ্ঠানটির রপ্তানি আয় হয়েছে প্রায় ৯৮ মিলিয়ন ডলার।

২০১২ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় স্যুট উৎপাদনকারী কারখানা হিসেবে পরিচিত। প্রায় ৫ লাখ ৩৫ হাজার বর্গফুট আয়তনের কারখানাটিতে আধুনিক প্রযুক্তি ও উন্নত যন্ত্রপাতির মাধ্যমে তৈরি করা হচ্ছে উচ্চমানের ফরমাল পোশাক। বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড এইচঅ্যান্ডএম, জারা, মার্কস অ্যান্ড স্পেনসার ও সিঅ্যান্ডএ-সহ বিভিন্ন প্রতিষ্ঠান এখানকার প্রধান ক্রেতা।

সরেজমিনে দেখা যায়, বিশাল উৎপাদন ফ্লোরজুড়ে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। কেউ কাপড় কাটছেন, কেউ সেলাই করছেন, আবার কেউ তৈরি পোশাকে আয়রন ও ফিনিশিংয়ের কাজ করছেন। এরপর মান যাচাই শেষে পোশাকগুলো পাঠানো হচ্ছে আন্তর্জাতিক বাজারে।

বর্তমানে কারখানাটিতে ৮ হাজার ১৯৪ জন কর্মী কাজ করছেন। তাদের বড় একটি অংশ নারী। কর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষাগত উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. বিল্লাল হোসেন জানান, রোমানিয়ার আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে কারখানাটির উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে প্রতি মাসে প্রায় ৫ লাখ পিস পোশাক তৈরির সক্ষমতা রয়েছে। আন্তর্জাতিক বাজারে ২০ হাজার থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত মূল্যের স্যুটও এখান থেকে রপ্তানি করা হয়।

কারখানাটির উৎপাদন ব্যবস্থায় পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারও রয়েছে। পরিবেশবান্ধব স্থাপনা হিসেবে এটি ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের ‘লিড গোল্ড’ সনদ অর্জন করেছে। পাশাপাশি কারখানায় রয়েছে নিজস্ব সৌরবিদ্যুৎ ব্যবস্থা।

শুধু পোশাক উৎপাদন ও রপ্তানির মধ্যেই সীমাবদ্ধ নেই প্রতিষ্ঠানটির কার্যক্রম। কর্মীদের দক্ষতা ও শিক্ষাগত উন্নয়নের জন্যও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক মো. আবদুর রহমান ভূঁইয়া বলেন, বিনিয়োগকারীদের জন্য নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করায় এ অঞ্চলে উৎপাদন ও রপ্তানি বাড়ছে। ২০২৫-২৬ অর্থবছরে আদমজী ইপিজেডের ৪৭টি প্রতিষ্ঠান থেকে ১.১৭৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

বাংলাদেশের তৈরি পোশাক খাতের বৈশ্বিক বাজারে অবস্থান আরও শক্তিশালী করার ক্ষেত্রে আদমজী ইপিজেডের এসব কারখানার উৎপাদন ও রপ্তানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *