আনোয়ারায় অভিযানে ‘বুলেট শিবলু’ গ্রেপ্তার

কামরুল ইসলাম:

চট্টগ্রামের আনোয়ারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি মো. শিবলু ওরফে ‘বুলেট শিবলু’ (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাতে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিবলু হেটিখাইন গ্রামের আবুল হাসেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মাদ্রাসার এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত এবং তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে শিবলুর বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলায় জামিনে আসার পর গত ১ অক্টোবর প্রতিবেশী মো. রুবেল (৩৮) ও তার বাবা তমিজ আহম্মদকে (৬৫) প্রকাশ্যে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ ঘটনায় থানায় আরেকটি মামলা দায়ের হলে পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরে মঙ্গলবার ভোররাতে হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় শিক্ষার্থীদের সমাবেশে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় পাঁচলাইশ মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। ওই মামলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে প্রধান আসামি করে ৯৫ জনের নাম উল্লেখ করা হয়। ওই মামলার এজাহারে শিবলুকে ৬৯ নম্বর আসামি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এর আগে, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি অস্ত্রসদৃশ বস্তু হাতে শিবলুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, তার বিরুদ্ধে কথা বললে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হতো। এ কারণে অনেকে ভয়ে প্রকাশ্যে কথা বলতে চাইতেন না বলে স্থানীয়রা জানান।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশের বিশেষ অভিযানে মো. শিবলু ওরফে ‘বুলেট শিবলু’কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, প্রতিবেশীকে মারধর ও মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। সর্বশেষ প্রতিবেশীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *