মো: ছাব্বির হাসান:
নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাঁদের বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। বর্তমানে সাতজনই সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙা সীমান্ত দিয়ে চারজনকে এবং জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত দিয়ে আরও তিনজনকে পুশইনের চেষ্টা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সাপাহারের সোনাডাঙা সীমান্তে বিএসএফের আটিলা ক্যাম্পের সদস্যরা তিন পুরুষ ও এক নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে সোনাডাঙা বিজিবি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাঁদের বাংলাদেশে প্রবেশ ঠেকায়। ওই চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
এ ছাড়া জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত দিয়েও তিনজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ নিয়ে সীমান্তের শূন্যরেখায় সাতজন অবস্থান করছেন।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব বলেন, সকালে সাপাহারের সোনাডাঙা সীমান্ত দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা করা হলে বিজিবির টহল দল গিয়ে তাঁদের বাংলাদেশে প্রবেশ ঠেকায়। একইভাবে জয়পুরহাটের কড়িয়া সীমান্তেও তিনজনকে পুশইনের চেষ্টা করা হয়।
তিনি বলেন, ‘বর্তমানে সাতজনই সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। তাঁদের পুশব্যাক করাতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও সতর্ক অবস্থান রয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।’