আবারও চোটের ধাক্কা, লম্বা সময় মাঠের বাইরে নেইমার

স্পোর্টস ডেস্ক:

পালমেইরাসের বিপক্ষে ম্যাচে চোট পাওয়া সান্তোসের ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নিয়ে আপাতত বড় দুশ্চিন্তার কারণ নেই। স্বাস্থ্য পরীক্ষায় তার ডান ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে। তবে এ চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নেইমারের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে এক বিবৃতিতে সান্তোস জানায়, পরীক্ষায় ডান ঊরুর পেশিতে চোট শনাক্ত হয়েছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, এ ধরনের চোট থেকে পুরোপুরি সুস্থ হতে চার থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে।

এর আগে সান্তোসের হয়ে লিগের সর্বশেষ তিন ম্যাচেই শুরু থেকে খেলেছিলেন ৩৪ বছর বয়সী নেইমার। ব্রাজিলিয়ান কাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার পালমেইরাসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। তবে আগের ম্যাচে ৩-০ গোলে পিছিয়ে থাকায় সান্তোসের সামনে সমীকরণটা কঠিন ছিল।

ম্যাচ শেষে নেইমারের চোট নিয়ে সান্তোস কোচ কুকা বলেন, ‘আমাদের তাকে ছাড়াই সামলাতে হবে।’

পালমেইরাসের বিপক্ষে ম্যাচে শুধু নেইমারই নন, চোট পেয়েছেন সান্তোসের উইঙ্গার আলভারো বারেয়াল ও ডিফেন্ডার লুকাস ভেরিসিমোও। এ নিয়ে কুকা বলেন, ‘আমরা নেইমারকে হারিয়েছি, বারেয়ালকে হারিয়েছি, লুকাসকেও হারিয়েছি। এখন দল হিসেবে আমাদের একসঙ্গে থাকতে হবে। আশা করি চোটগুলো গুরুতর নয় এবং তারা যত দ্রুত সম্ভব ফিরতে পারবে।’

চলতি মৌসুমে সান্তোসের হয়ে ২৪ ম্যাচে ৮ গোল করেছেন নেইমার। অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা দলটি বর্তমানে লিগ টেবিলের ১৪তম স্থানে রয়েছে। অবনমন অঞ্চলের চেয়ে চার পয়েন্ট এগিয়ে আছে তারা। এর আগের মৌসুমেও চোট ও ফিটনেস সমস্যার মধ্যেও সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন নেইমার।

এদিকে চোট পাওয়ার পর ভিলা বেলমিরোর মাঠের অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেইমার। ইনস্টাগ্রাম স্টোরিতে মাঠকর্মীদের সমালোচনা করে তিনি দাবি করেন, ম্যাচের আগের দিন মাঠের মাটি আলগা করার কারণে খেলার সময় মাঠটি ‘গর্তে ভরা’ ছিল এবং এটি তার দেখা সবচেয়ে খারাপ মাঠগুলোর একটি।

নেইমারের অভিযোগ, প্রতিপক্ষের পাশাপাশি তাদের ‘মাঠের বিরুদ্ধেও’ খেলতে হয়েছে। অসমান মাঠের কারণে দৌড়ানোর সময় গতি বাড়ানো ও থামতে খেলোয়াড়দের অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

প্রথমার্ধেই সান্তোসের তিন খেলোয়াড় চোট পাওয়ার বিষয়টি উল্লেখ করে নেইমার ব্যঙ্গাত্মকভাবে মাঠকর্মীদের ‘অভিনন্দন’ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *