খসরু মৃধা:
শিশুসাহিত্যে লেখালেখির স্বীকৃতি হিসেবে ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেয়েছেন লেখক শাম্মী তুলতুল। তাঁর লেখা শিশুতোষ গ্রন্থ ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’ বইটির বিক্রিসাফল্যের জন্য এ সম্মাননা দিয়েছে প্রকাশনা সংস্থা বাবুই। ২০১৭ সালে প্রকাশিত বইটি দীর্ঘ সময় ধরে পাঠকের আগ্রহ ধরে রেখেছে। এবার বইটির বাণিজ্যিক সাফল্য স্বীকৃতি পেল পুরস্কারের মাধ্যমে।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে দিনব্যাপী অনুষ্ঠিত হয় প্রকাশনা সংস্থা বাবুই আয়োজিত ‘শিশুসাহিত্য উৎসব ২০২৬’। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে এ আয়োজন। উৎসবে শিশুসাহিত্যের সংকট ও সম্ভাবনা নিয়ে প্রবন্ধ উপস্থাপন এবং আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ছিল নানা আয়োজন ও অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মনসুর মুসা, লেখক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক; বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক হাসান হাফিজ; লেখক, সাংবাদিক ও প্রকাশক কাদের বাবু এবং বিশিষ্ট শিশুসাহিত্যিক জুলফিকার শাহাদাৎ।
পুরস্কার পেয়ে শাম্মী তুলতুল বলেন, এ সম্মাননা তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। লেখালেখির জন্য দুই বাংলায় তিনি ইতোমধ্যে বেশ কিছু মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন। তবে বেস্ট সেলার হিসেবে স্বীকৃতি পাওয়া তাঁর জন্য প্রথম। সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের জন্য এ সম্মাননা পাওয়াকে তিনি অন্য অর্জনগুলোর তুলনায় বিশেষ বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, শাম্মী তুলতুল দুই বাংলার পরিচিত গল্পকার, ঔপন্যাসিক ও শিশুসাহিত্যিক। আন্তর্জাতিক অঙ্গনেও তিনি সাফল্য অর্জন করেছেন। বাংলাদেশ ও ভারত মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। লেখালেখির এ পথচলায় পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা এবং দোয়া কামনা করেছেন তিনি।