আবু সাঈদের ছবি ছাড়া সেটি ডকুমেন্টারি হতে পারে না’—ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রে আবু সাঈদের ছবি না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, “যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটি কোনো ডকুমেন্টারি নয়।”

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, আবু সাঈদ জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম প্রতীক। তাই তার ছবি বাদ পড়া দুঃখজনক। একই সঙ্গে তিনি বলেন, প্রামাণ্যচিত্রে খালেদা জিয়ার ছবিও থাকা উচিত ছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছে উল্লেখ করে তিনি বলেন, ভুল হলে তা সংশোধনের সুযোগ দেওয়া উচিত, বিষয়টি নিয়ে অযথা উত্তেজনা তৈরি করা সমীচীন নয়।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার এবং কোনো ভুল হলে তা সংশোধন করতে প্রস্তুত। “আমরা আওয়ামী লীগের মতো হতে চাই না,”—যোগ করেন তিনি।

এর আগে অনুষ্ঠানে প্রদর্শিত জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক প্রামাণ্যচিত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। তাদের অভিযোগ, প্রামাণ্যচিত্রে আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং গণ-অভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হয়নি। এ নিয়ে মিলনায়তজুড়ে প্রতিবাদ ও উত্তেজনার সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *