মোহাম্মদ হাসান:
বকেয়া গ্র্যাচুইটি, অর্জিত ছুটির অর্থ ও প্রণোদনাসহ বিভিন্ন আর্থিক সুবিধা পরিশোধের দাবিতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা। এতে টার্মিনাল দুটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। শ্রমিকদের কর্মসূচির কারণে ছয়টি জাহাজের পণ্য ওঠানো-নামানো ব্যাহত হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে শ্রমিকেরা টার্মিনাল দুটিতে কাজ বন্ধ করে দেন। প্রায় তিন ঘণ্টা কর্মবিরতির পর বেলা ১১টার দিকে তাঁরা কাজে ফিরে যান বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
শ্রমিকেরা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা গ্র্যাচুইটি, অর্জিত ছুটির অর্থ, প্রণোদনাসহ বিভিন্ন আর্থিক সুযোগ-সুবিধা পরিশোধের দাবি জানিয়ে আসছেন। কিন্তু এসব পাওনা পরিশোধে কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁরা কর্মবিরতির সিদ্ধান্ত নেন। তাঁদের কর্মসূচির ফলে এনসিটি ও সিসিটিতে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়।
বন্দর সূত্রে জানা গেছে, কাগজে-কলমে এনসিটি পরিচালনার দায়িত্বে রয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। তবে টার্মিনালটির মূল পরিচালন কার্যক্রম পরিচালনা করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। অন্যদিকে, সিসিটির পরিচালনার দায়িত্বেও রয়েছে একই প্রতিষ্ঠান।
এদিকে, এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের জন্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে টার্মিনালটির পরিচালনার দায়িত্ব প্রতিষ্ঠানটির কাছে হস্তান্তরের কথা রয়েছে। পাশাপাশি সিসিটিও সাইফ পাওয়ারটেকের হাত থেকে বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
টার্মিনাল দুটির পরিচালনব্যবস্থায় সম্ভাব্য পরিবর্তনকে ঘিরে সেখানে কর্মরত প্রায় এক হাজার নিয়মিত শ্রমিক-কর্মচারীর চাকরি ও আর্থিক সুযোগ-সুবিধা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে নিজেদের পাওনা পরিশোধ এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন শ্রমিকেরা।
এ বিষয়ে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম সংবাদমাধ্যমকে বলেন, ‘সকাল আটটা থেকে সাময়িক কর্মবিরতি পালনের পর ১১টার পর তাঁরা কাজে ফিরে গেছেন বলে শুনেছি। তাঁদের সঙ্গে আলোচনা চলছে।’