চট্টগ্রামে সাবেক এডিসি কারাগারে, সাবেক ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মোহাম্মদ হাসান:

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের মামলায় সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনসহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় মোট ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। তাঁদের মধ্যে ১৯ জনের বিচার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে।

অবশিষ্ট ১৫ আসামির বিরুদ্ধে ২৮ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আগামী ৩০ নভেম্বর রায়ের দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার এ ১৫ আসামির মধ্যে সাবেক এডিসি জাফর আলমসহ পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপরদিকে, সাবেক ডিসি মো. রুহুল আমিনসহ অনুপস্থিত ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার নথি অনুযায়ী, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে ১ হাজার ৪১৪ একর জমির ওপর প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের সময় চিংড়িঘের, বসতবাড়ি ও বিভিন্ন অবকাঠামোর বিপরীতে ২৩৭ কোটি টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছিল।

অভিযোগ রয়েছে, এর মধ্যে ২৫টি অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে ৪৬ কোটি ৩ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। পরে নানা কৌশলে ওই অর্থের মধ্যে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী একেএম কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন, সাবেক এডিসি (রাজস্ব) জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দেন।

তদন্ত শেষে দুদক এ ঘটনায় ৩৬ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার কথা জানিয়ে ২০১৭ সালের ৩ এপ্রিল তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তী সময়ে আদালত ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

আগামী ৩০ নভেম্বর মামলাটির রায় ঘোষণার দিন ধার্য রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *