আশুলিয়া প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকায় সরকারি বরাদ্দে সদ্য নির্মিত একটি ইটের সলিং রাস্তার ইট রাতের আঁধারে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু চিহ্নিত দুর্বৃত্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী হাজী আব্দুল মান্নান বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আশুলিয়া থানাধীন নয়াপাড়া কেন্দ্রীয় মসজিদ থেকে আবুল হাশেমের বাড়ি পর্যন্ত সরকারি বরাদ্দে একটি রাস্তা ইটের সলিং দিয়ে পাকা করা হয়। উক্ত রাস্তার মাঝবরাবর অভিযোগকারী ও বিবাদী পক্ষের জমি মিলিয়ে ১০ ফুট রাস্তা নির্ধারণ করা ছিল। কিন্তু গত ২০ অক্টোবর ২০২৬ গভীর রাতে বিবাদী নাগর আলী ইদ্রিস (৫২), আসমা আক্তার শেফালী (৪৫), মো. আল আমিন (২৮) ও মো. আজিজুল হক রনি (৩৫) সহ অজ্ঞাতনামা ৩-৪ জন দুর্বৃত্ত যোগসাজশ করে উক্ত রাস্তার আনুমানিক ৩৫ ফুট অংশের সরকারি ইট উপড়ে ফেলে এবং অধিকাংশ ইট লুট করে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, বিবাদী আল আমিন ও আজিজুল হক রনি এলাকায় উচ্ছৃঙ্খল এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁরা দীর্ঘদিন ধরে ওই রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ বিভিন্ন সময় খুন-জখমের হুমকি দিয়ে আসছিলেন। এর আগেও তাঁদের বিরুদ্ধে আশুলিয়া থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছিল। মূলত রাস্তা না ছাড়ার অসৎ উদ্দেশ্যেই তাঁরা সরকারি এই উন্নয়নমূলক কাজের ক্ষতিসাধন করেছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী হাজী আব্দুল মান্নান জানান, “সরকারি বরাদ্দে রাস্তাটি হওয়ার পর আমরা স্বস্তিতে ছিলাম। কিন্তু রাতের আঁধারে বিবাদীরা পরিকল্পিতভাবে রাস্তাটি ধ্বংস করে আমাদের যাতায়াত বন্ধ করে দিয়েছে। তাঁরা অত্যন্ত উগ্র প্রকৃতির লোক। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ জানায়, সরকারি রাস্তার ইট তুলে ফেলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।