স্টাফ রিপোর্টার:
আসন্ন স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন হাজী আব্দুল লতিফ ভূঁইয়ার সুযোগ্য সন্তান মোহাম্মদ উজ্জ্বল হোসেন ভূঁইয়া। একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ওয়ার্ড গঠনের প্রত্যয় নিয়ে তিনি ইতিমধ্যে সর্বস্তরের জনগণের সেবায় কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
শিক্ষাগত দিক থেকে অত্যন্ত যোগ্য ও দূরদর্শী এই প্রার্থী জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও রীতিনীতি বিষয়ে এবং গ্রিক ইন্টারন্যাশনাল কলেজ থেকে আন্তর্জাতিক বিজনেস স্টাডিজ (International Business Studies) বিষয়ে উচ্চতর অধ্যয়ন সম্পন্ন করেছেন। পড়াশোনার পাশাপাশি তিনি বর্তমানে একজন জাপানি ভাষার দক্ষ প্রশিক্ষক হিসেবেও কর্মরত রয়েছেন। তাঁর এই আন্তর্জাতিক অভিজ্ঞতা ও উচ্চশিক্ষা ওয়ার্ডের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
নির্বাচনী অঙ্গীকার সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ উজ্জ্বল হোসেন ভূঁইয়া জানান, তাঁর মূল লক্ষ্য হচ্ছে ৭ নম্বর ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করা। তাঁর প্রধান অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে আধুনিক ও যুগোপযোগী উন্নত ওয়ার্ড গঠন, এলাকার প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত শিক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, প্রশাসনিক স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠা এবং একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত সমাজ গঠন। পাশাপাশি পরিচ্ছন্ন, সবুজ ও শতভাগ পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ ছাড়া যেকোনো পরিস্থিতিতে ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং নাগরিকদের দৈনন্দিন বিভিন্ন সমস্যা সমাধানে সব সময় দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার করেন তিনি।
উজ্জ্বল হোসেন ভূঁইয়া আশাবাদ ব্যক্ত করে বলেন, “এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা, ভালোবাসা ও সমর্থন পেলে ৭ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সত্যিকারের জনকল্যাণমুখী ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।” “আপনার সেবা আমার দায়িত্ব”—এই মূল স্লোগানকে সামনে রেখে তিনি সবাইকে সঙ্গে নিয়ে এলাকার টেকসই উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন।