জমকালো আয়োজনে শুরু হলো বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি

মোহাম্মদ হোসেন হ্যাপী:

বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চার জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) ঢাকার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টটির জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহায়তায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

উদ্বোধনী বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এমন একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক হতে পারা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এ টুর্নামেন্টের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ক্রীড়াক্ষেত্রে নারীদের অগ্রগতি ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তরুণ সমাজকে গতিশীল করার পাশাপাশি ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারী ক্রীড়াবিদদের অধ্যবসায়, দক্ষতা ও নৈপুণ্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্যের শেষাংশে প্রতিমন্ত্রী টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলের খেলোয়াড়দের সর্বোচ্চ নৈপুণ্য প্রদর্শনের আহ্বান জানান। একই সঙ্গে খেলাধুলার প্রকৃত আদর্শ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে প্রতিযোগিতায় অংশ নেওয়ার ওপর গুরুত্ব দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির কর্মকর্তা, বিভিন্ন দেশের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া এ আন্তর্জাতিক প্রতিযোগিতা দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *