আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের লোকসভার আসনসংখ্যা বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য ও সংসদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সংসদ সদস্য শশী তারুর। তাঁর আশঙ্কা, আসন পুনর্বিন্যাসের নামে নির্বাচনী এলাকার সীমানা এমনভাবে পরিবর্তন করা হতে পারে, যাতে ক্ষমতাসীন বিজেপি রাজনৈতিকভাবে সুবিধা পায়।
ঝাড়খণ্ডের জামশেদপুরে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শশী তারুর বলেন, বর্তমানে প্রায় ৫৪০ জন সংসদ সদস্য নিয়েই সংসদের কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়ছে। সেখানে সদস্যসংখ্যা আরও বাড়ানো হলে সংসদে প্রত্যেকের বক্তব্য দেওয়ার সুযোগ সীমিত হয়ে আসতে পারে।
তিনি কটাক্ষ করে বলেন, আসনসংখ্যা এত বেশি বাড়ানো হলে সংসদে শুধু হাততালি দেওয়ার লোকের সংখ্যাই বাড়বে। এতে সংসদের কার্যকর আলোচনা ও জবাবদিহি নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া বিশেষ অধিবেশনে আসন পুনর্বিন্যাস-সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল উত্থাপিত হতে পারে। প্রস্তাবে লোকসভার আসনসংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ এবং রাজ্য বিধানসভাগুলোর আসন ৫০০ থেকে ৬৫০ করার কথা বলা হয়েছে। নারীদের জন্য আসন সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
তবে প্রস্তাবটির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন শশী তারুর। তাঁর মতে, সংসদ সদস্যের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সংসদের কার্যকারিতা, অর্থবহ আলোচনা এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাওয়া প্রয়োজন।
তিনি প্রশ্ন তোলেন, দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থ বিবেচনা না করে সরকার কি আগামী দুই থেকে পাঁচ বছরের রাজনৈতিক সুবিধার হিসাব করছে?
এদিকে, আসন পুনর্বিন্যাসের প্রস্তাবের বিরোধিতা করতে বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার চেষ্টা চলছে। তফসিলি জাতি ও জনজাতির প্রতিনিধিত্ব এবং বিভিন্ন রাজ্যের রাজনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে বিরোধী নেতারা এ বিষয়ে আলোচনা করছেন।
এ প্রস্তাব ঘিরে ভারতের কেন্দ্রীয় সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক টানাপোড়েন আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।