দুর্নীতির প্রতিবেদন প্রকাশের পরই সম্পাদককে আইনি হুমকি ও ‘মিথ্যা মামলার’ ভয়,এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, উত্তাল সাংবাদিক মহল

ক্রাইম রিপোর্টার:

দুর্নীতির অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর একটি জাতীয় দৈনিকের সম্পাদক ও প্রকাশককে আইনি ব্যবস্থার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত কর্মকর্তা কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর সহকারী কমিশনার রাসেল আল মামুন। আইনি নোটিশ পাঠানোর পাশাপাশি মুঠোফোনে অশ্লীল ভাষায় গালাগাল এবং মিথ্যা মামলায় জড়িয়ে ঢাকা ছাড়তে বাধ্য করার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাসুদ।

ঘটনাটি ঘিরে সাংবাদিক সমাজে তীব্র উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সরকারি দায়িত্বে নিয়োজিত এক কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠায় গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং সত্য প্রকাশের অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে।

গত ২৯ নভেম্বর দৈনিক সবুজ বাংলাদেশে ‘দুর্নীতি ঢাকতে এবার চট সাংবাদিকতা অবলম্বন এনবিআর কর্মকর্তাদের’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর কমিশনার ড. নাহিদা ফরিদী ও সহকারী কমিশনার রাসেল আল মামুনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়।

প্রতিবেদন প্রকাশের পর রাসেল আল মামুনের স্বাক্ষরিত একটি চিঠি পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাসুদের কাছে পাঠানো হয়। চিঠিতে প্রকাশিত সংবাদকে ‘অতিরঞ্জিত ও হলুদ সাংবাদিকতা’ বলে দাবি করে তা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। একই সঙ্গে সংবাদ প্রত্যাহার না করলে দেওয়ানি, ফৌজদারি ও সাইবার আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, প্রকাশিত প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত এবং এর মাধ্যমে কাস্টমস কর্মকর্তাদের প্রশাসনিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে।

পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাসুদের অভিযোগ, চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন তিনি। এ সময় রাসেল আল মামুন তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং মিথ্যা মামলায় জড়িয়ে ঢাকা ছাড়তে বাধ্য করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা রাসেল আল মামুনের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর পক্ষ থেকে প্রতিবাদ, ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা প্রয়োজন।

রাসেল আল মামুনের বিরুদ্ধে এর আগেও বন্ড অডিটে অনিয়ম, ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযোগ রয়েছে, ঢাকা উত্তর বন্ড কমিশনারেটে দায়িত্ব পালনকালে গুলশান ও টঙ্গী এলাকার কয়েকটি বন্ডেড ওয়্যারহাউসের ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে নিয়মিত অর্থ আদায় করা হতো। এ ছাড়া ‘হোসেন ডাইং’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের বন্ড অডিট নিষ্পত্তির ক্ষেত্রে ৩৫ লাখ টাকার গোপন চুক্তির মাধ্যমে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই ফাইল অনুমোদনের অভিযোগও উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, মোংলা কাস্টম হাউস, কমলাপুর আইসিডি ও অবিভক্ত বন্ড কমিশনারেটে কর্মরত থাকাকালেও তাঁর বিরুদ্ধে আমদানি পণ্যে প্রভাব খাটিয়ে অনৈতিক সুবিধা দেওয়া এবং প্রিভেন্টিভ কার্যক্রমের আড়ালে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ছিল। এসব অনিয়মের মাধ্যমে নামে-বেনামে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে এসব অভিযোগের কোনোটিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে সংবাদ প্রকাশের কারণে কোনো সম্পাদককে ভয়ভীতি, ব্যক্তিগত আক্রমণ কিংবা মিথ্যা মামলায় জড়ানোর হুমকির মুখে পড়তে হলে তা গণমাধ্যমের স্বাধীন পরিবেশের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তাঁদের মতে, প্রকাশিত প্রতিবেদনের তথ্য বা বক্তব্য নিয়ে আপত্তি থাকলে তা যুক্তি, প্রমাণ এবং প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। একই সঙ্গে সম্পাদককে হুমকি দেওয়ার অভিযোগের সত্যতা যাচাই এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

এ ঘটনায় রাসেল আল মামুনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *