আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার দাবি, উত্তর কোরিয়া রাশিয়ার পশ্চিমাঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন শুরু করেছে, যা ইউক্রেন যুদ্ধে নতুন মাত্রা যোগ করতে পারে। ওই ইউনিটে ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ছয়টি লঞ্চার থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (৫ আগস্ট) প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তা আন্দ্রি চেরনিয়াক জানিয়েছেন, প্রায় ৯০ সদস্যের একটি উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার ভোরোনেঝ অঞ্চলে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এটি রাশিয়ার ১১২তম ক্ষেপণাস্ত্র ব্রিগেডের অধীনে কাজ করবে।
ইউক্রেনের দাবি, উত্তর কোরিয়া ইতোমধ্যে নতুন করে ৪০টি কেএন-২৩ ও কেএন-২৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট জনবল রাশিয়ায় পাঠিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র মোতায়েন হলে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার সক্ষমতা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, বর্তমানে ইউক্রেনের সবচেয়ে বড় দুর্বলতা হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা। ফলে উত্তর কোরিয়ার এই সহযোগিতা যুদ্ধের গতিপথে বড় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে শীত মৌসুমে রাশিয়া যদি বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে নতুন করে ব্যাপক হামলা চালায়।
তবে ইউক্রেনের এই দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ইউক্রেনের অভিযোগ, উত্তর কোরিয়া ইতোমধ্যে রাশিয়াকে বিপুল পরিমাণ গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র এবং সেনা সহায়তা দিয়েছে।