ইতালিতে আইনি সহায়তার লক্ষ্যে দক্ষ জনশক্তি তৈরিতে ন্যাশনাল কাফ এর ইমিগ্রেশন ট্রেনিং সম্পন্ন, সার্টিফিকেট পেলেন শিক্ষার্থীরা

মিনহাজ হোসেন:

প্রবাস জীবনে যে দেশে বসবাস করা হয়, সেই দেশের আইন-কানুন ও ইমিগ্রেশন সংক্রান্ত নিয়মাবলি সম্পর্কে সঠিক জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ অনেক প্রবাসীই এ বিষয়ে পর্যাপ্ত ধারণা রাখেন না, যার ফলে নানাবিধ জটিলতার সম্মুখীন হতে হয়। এ বাস্তবতা বিবেচনায় ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের সচেতন ও দক্ষ করে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে “ন্যাশনাল এডুকেশন সেন্টার”।

প্রতিষ্ঠানটি গত ৭ বছর ধরে ইমিগ্রেশনসহ ইতালির বিভিন্ন নাগরিক সুবিধা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ইমিগ্রেশন বিষয়ক ট্রেনিং সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে সম্প্রতি এক সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি “নতুন ৭৩০, বর্ষ ২০২৬” এবং “ফাত্তুরা ইলেকট্রোনিকা”, অর্থাৎ ইলেকট্রনিক ইনভয়েসিং বিষয়ক বিশেষ কর্মশালায় অংশগ্রহণকারীদেরও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে ন্যাশনাল কাফ-এর সিইও মো: মিজানুর রহমান বলেন, ন্যাশনাল কাফ অভিবাসী কমিউনিটির মধ্যে দক্ষ কাফ বিশেষজ্ঞ তৈরি করতে কাজ করছে, যাতে সাধারণ মানুষ সঠিক, বিশ্বস্ত এবং মানসম্মত সেবা পেতে পারে।

ন্যাশনাল কাফের পরিচালক শেখ শান্তা মারিয়া নারী শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, অনেক নারী শিক্ষার্থী এখন অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজস্ব কাফ অফিস পরিচালনা করছেন। তিনি মনে করেন, নারীদের এই অগ্রগতি ন্যাশনাল কাফ ও ন্যাশনাল এডুকেশনাল সেন্টারের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।

ন্যাশনাল কাফ প্রেনেস্তিনা অফিসের পরিচালক মো: নজরুল ইসলাম সকল গ্র্যাজুয়েট ও অংশগ্রহণকারীদের গুণগত মানসম্পন্ন, বিশ্বস্ত এবং দায়িত্বশীল সেবা প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, ক্লায়েন্টদের আস্থা অর্জনের মাধ্যমে ন্যাশনাল কাফ নেটওয়ার্ক আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে।

গ্রুপ অ্যাডমিন এ. কে. জামান ন্যাশনাল কাফের বিভিন্ন অফিস, শাখা, পয়েন্ট এবং শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান নিজেদের কাজ উপস্থাপন, মূল্যায়ন এবং ভবিষ্যতের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হওয়ার সুযোগ তৈরি করে। অনুষ্ঠানে তিনি নতুন ন্যাশনাল কাফ পয়েন্টসমূহ পরিচয় করিয়ে দেন এবং ন্যাশনাল এডুকেশনাল সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে সফলভাবে পরিচালিত কিছু কাফ অফিসের উদাহরণ তুলে ধরেন।

অনুষ্ঠানের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল নতুন স্টার্টআপ উদ্যোগ “ন্যাশনাল কাফ ফিলিপাইন”-এর পরিচিতি। এ সময় এর পরিচালক মিসেস কেটি-কে পরিচয় করিয়ে দেওয়া হয়। এই উদ্যোগকে বিভিন্ন অভিবাসী কমিউনিটির মধ্যে ন্যাশনাল কাফের সেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে ন্যাশনাল কাফ ইতালিতে অভিবাসী কমিউনিটির কল্যাণে কাজ করে যাচ্ছে। বর্তমানে রোমে তাদের ৪টি অফিস রয়েছে এবং ইতালির রোমসহ বিভিন্ন শহরে ১৫টি শাখা ও অসংখ্য মাল্টিসার্ভিস পয়েন্টের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ন্যাশনাল কাফের শিক্ষা শাখা ন্যাশনাল এডুকেশনাল সেন্টারের মাধ্যমে এ পর্যন্ত ৩০০-এর বেশি পেশাদার কাফ অপারেটর প্রশিক্ষণ গ্রহণ করে কর্মক্ষেত্রে অবদান রাখছেন।

অনুষ্ঠানটি ন্যাশনাল কাফ নেটওয়ার্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে, যেখানে পেশাগত শিক্ষা, কমিউনিটি সেবা এবং ভবিষ্যৎ উন্নয়নের বার্তা একসঙ্গে তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *