ইসরায়েলের নির্বাচনে ভোটার উপস্থিতিতে ১৯৭৩ সালের রেকর্ড ভাঙার আভাস

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। এবারের নির্বাচনে ভোটদানের হার ১৯৭৩ সালের ঐতিহাসিক রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন ভোট বিশ্লেষকরা।

সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাবেক সহকারী ও ভোট বিশ্লেষক মিচেল বারাক পশ্চিম জেরুজালেম থেকে আলজাজিরাকে বলেন, ভোটারদের উপস্থিতি অত্যন্ত বেশি, যা ইতিবাচক দিক। তাঁর মতে, এবারের নির্বাচনে ভোটদানের হার ১৯৭৩ সালের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে। ওই বছর ইসরায়েল বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়েছিল।

নির্বাচন কমিশনের তথ্য উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টা পর্যন্ত দেশটিতে ৪৪ দশমিক ৯ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডিন লিভনের ভাষ্য অনুযায়ী, ১৯৭৩ সালের পর দেশজুড়ে এত বেশি ভোটারের উপস্থিতি আর দেখা যায়নি। তুলনামূলকভাবে, ২০২২ সালের নির্বাচনে একই সময় পর্যন্ত ভোট পড়েছিল ৩৮ দশমিক ৯ শতাংশ।

ভোটার উপস্থিতির এই ঊর্ধ্বগতি বড় দলগুলোর পাশাপাশি ছোট রাজনৈতিক দলগুলোর জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আসন পেতে একটি দলকে অন্তত ৩ দশমিক ২৫ শতাংশ ভোট পেতে হয়। ফলে নির্বাচনে ভোটের হার ও বিভিন্ন দলের প্রাপ্ত ভোটের অনুপাত ফলাফলে প্রভাব ফেলতে পারে।

সাধারণ ভোটারদের পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যদের মধ্যেও ভোট দেওয়ার আগ্রহ দেখা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত সেনাসদস্যদের ভোটদানের হার ছিল ৪৮ শতাংশ। ২০২২ সালের নির্বাচনে একই সময় এই হার ছিল ৪৪ দশমিক ৪ শতাংশ।

সেনাসদস্যদের ভোট দেওয়ার সুবিধার্থে এক সপ্তাহ আগেই দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন সামরিক ঘাঁটিতে ৮৫০টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল।

ভোটারদের মনোভাব বিশ্লেষণ করে মিচেল বারাক বলেন, বর্তমানে অধিকাংশ ভোটার দেশের নিরাপত্তাব্যবস্থা ও পরিবর্তনের বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন। বিরোধী দলগুলোর পাশাপাশি সাবেক ডানপন্থী জেনারেল ওফের উইন্টারের ‘আমচা ইসরায়েল’ এবং ‘হামিলুইমনিকিম’ বা রিজার্ভিস্ট পার্টির মতো নতুন রাজনৈতিক দলগুলোও নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব দল সরকার গঠনের সমীকরণে নির্ধারক হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *