বিনোদন ডেস্ক:
একসময় বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমায় জনপ্রিয়তার শীর্ষে থাকা অভিনেত্রী অসিন দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন। ২০১৬ সালে মাইক্রোম্যাক্সের সহপ্রতিষ্ঠাতা ব্যবসায়ী রাহুল শর্মাকে বিয়ের পর সংসারজীবনে মনোযোগী হন তিনি। বর্তমানে স্বামী ও একমাত্র কন্যাসন্তানকে ঘিরেই কাটছে তাঁর সময়।
সম্প্রতি ভারতের সরকারি উদ্যোগ মাইগভ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে স্ত্রী অসিনের ভূমিকা এবং সাত বছর বয়সী মেয়ে আরিনের প্রতিভা নিয়ে কথা বলেছেন রাহুল শর্মা। তাঁর কথায় উঠে এসেছে, ব্যক্তিগত ও পেশাগত জীবনে অসিন কীভাবে তাঁকে সহযোগিতা করেন।
নিজের জীবনে অসিনের অবদানের কথা তুলে ধরে রাহুল শর্মা বলেন, তাঁকে বিয়ে করা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অসিন তাঁর সবচেয়ে বড় শক্তি। যেকোনো পরিস্থিতিতে স্ত্রী তাঁকে সাহস জোগান এবং সামনে এগিয়ে যেতে উৎসাহ দেন।
রাহুল বলেন, কোনো সমস্যা দেখা দিলে অসিন তাঁকে চিন্তা না করে এগিয়ে যেতে বলেন। তাঁর কাজের প্রতি ভালোবাসা বোঝেন এবং তাঁকে নিঃশর্তভাবে বিশ্বাস করেন। জীবনসঙ্গীর এমন সমর্থন জীবনকে অনেক সহজ করে দেয় বলেও মন্তব্য করেন তিনি।
এ দম্পতির একমাত্র মেয়ে আরিন রায়ন শর্মার বয়স এখন সাত বছর। মেয়ের প্রতিভা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রাহুল জানান, কোরিয়ান, জাপানি, থাই ও চীনা ভাষাসহ প্রায় ১২টি ভাষা বুঝতে ও বলতে পারে আরিন।
মেয়েকে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। রাহুলের ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত মেয়েকে কোনো স্ক্রিন বা ডিজিটাল ডিভাইস দেওয়া হয়নি। তাঁদের বাড়িতে টেলিভিশন বা মোবাইল ফোনও নেই; বরং রয়েছে প্রচুর বই।
রাহুল জানান, মেয়ের স্কুলের বইয়ের বাইরেও বাড়িতে অনেক বই রয়েছে। আরিন দ্বিতীয় শ্রেণিতে পড়লেও তার জন্য অষ্টম ও নবম শ্রেণির বই কিনে রাখা হয়েছে। মেয়ের এমন বিকাশের পেছনে অসিনের ভূমিকা অনেক বেশি বলেও উল্লেখ করেন তিনি।
সংসার সামলানোর ক্ষেত্রে অসিনের দক্ষতার প্রশংসা করে রাহুল বলেন, বাড়ির ভেতরের সবকিছু অসিনই দেখাশোনা করেন। এমন দক্ষ ও দায়িত্বশীল মানুষ তিনি আগে দেখেননি বলেও মন্তব্য করেন এই ব্যবসায়ী।
জীবনসঙ্গী নির্বাচনের বিষয়ে রাহুলের মত, এমন একজন মানুষকে পাশে রাখা উচিত, যিনি সামনে এগিয়ে যেতে সহায়তা করবেন, পেছনে টেনে ধরবেন না। বন্ধুত্বের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য বলে মনে করেন তিনি। অসিন তাঁর জীবনে ঠিক তেমনই একজন মানুষ, যাঁর অবদান ভাষায় প্রকাশ করা কঠিন।
কেরালায় জন্ম নেওয়া অসিন বিজ্ঞাপনের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০০১ সালে মালয়ালম সিনেমা ‘নরেন্দ্র মাকান জয়কান্তন ভাকা’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় তাঁর। ২০০৩ সালে তেলুগু সিনেমা ‘আম্মা নান্না ও তামিলা আম্মায়ি’তে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি।
পরে তামিল সিনেমা ‘গজনি’র সাফল্যের সুবাদে বলিউডে কাজের সুযোগ পান অসিন। ২০০৮ সালে আমির খানের বিপরীতে ‘গজনি’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। এরপর সালমান খানের সঙ্গে ‘লন্ডন ড্রিমস’ ও ‘রেডি’, অক্ষয় কুমারের সঙ্গে ‘হাউসফুল ২’ ও ‘খিলাড়ি ৭৮৬’ এবং অজয় দেবগনের সঙ্গে ‘বোল বচ্চন’ সিনেমায় অভিনয় করেন তিনি।
২০১৫ সালে অভিষেক বচ্চনের বিপরীতে ‘অল ইজ ওয়েল’ সিনেমায় সর্বশেষ বড় পর্দায় দেখা যায় অসিনকে। পরের বছর রাহুল শর্মাকে বিয়ে করেন তিনি। ২০১৭ সালে তাঁদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান আরিন। এরপর থেকে অভিনয় ও প্রচারমাধ্যমের আলো থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী।