ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

ঈদগাহ উপজেলা প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁওতে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ঈদগাঁও উপজেলার বাসস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা। অভিযানে অবৈধভাবে বাস পার্কিং করার দায়ে ঈদগাঁও লাইন নামের একটি বাসের চালক মো. সেলিমকে (৩৩) সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় রিদুয়ান পারভেজ (২৫) নামের এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে জসিম উদ্দিন (৩৪), ছোটন মিয়া (২৩) ও প্রিতম পাল (২০)-কে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় যথাক্রমে ৫ হাজার, ১০ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আনসার সদস্য ও ঈদগাঁও ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশের একটি চৌকস দল সহযোগিতা করে। উপজেলা প্রশাসন জানিয়েছে, ঈদগাঁও উপজেলাবাসীর স্বার্থ রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা, ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *