চকরিয়ায় ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

বিচারহীনতার অবসান, গুম-খুনের শিকার পরিবারগুলোর দীর্ঘ প্রতীক্ষার অবসান এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় রাজপথে নেমেছে ইনকিলাব মঞ্চ। ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে জ্বালাময়ী স্লোগান ও প্রতিবাদী বক্তব্যে মুখর হয়ে ওঠে চকরিয়ার রাজপথ।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় চকরিয়া পুরাতন বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়। এতে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের আবদুল্লাহ আল জাবের ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মা-শিশু জেনারেল হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে বক্তারা শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার, গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা এবং সালাহউদ্দিন কাদের চৌধুরী, ইলিয়াস আলীসহ আলোচিত বিভিন্ন ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে মানুষ গুম হবে, খুন হবে, স্বজনেরা বছরের পর বছর প্রিয়জনের অপেক্ষায় থাকবেন—এমন বাস্তবতা মেনে নেওয়া যায় না। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে। প্রতিটি গুমের ঘটনার সত্য উদ্ঘাটন করতে হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় যা-ই হোক, আইনের ঊর্ধ্বে কেউ থাকতে পারেন না।

তাঁরা আরও বলেন, শহীদ ওসমান হাদির রক্তের বিচার নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না। এসব হত্যাকাণ্ড ও গুমের ঘটনার বিচার নিশ্চিত না হলে ইনকিলাব মঞ্চ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি থেকে তাঁরা পিছিয়ে যাবেন না।

বক্তব্যে শেখ হাসিনার দেশে ফেরার জন্য পাসপোর্ট চাওয়ার প্রসঙ্গ তুলে বক্তারা বলেন, তিনি দেশে ফিরতে চাইলে তাঁকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। দেশে সংঘটিত অপরাধের বিচার কোনো রাজনৈতিক সমঝোতার বিষয় হতে পারে না।

এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, বিএনপির সঙ্গে সমঝোতা করে শান্তিতে থাকলে থাকুন, কিন্তু দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করবেন না। নতুন করে অশান্তি সৃষ্টি কিংবা দেশকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা চালানো যাবে না।

বক্তারা বলেন, তাঁদের আন্দোলন কোনো প্রতিহিংসার রাজনীতি নয়; বরং ন্যায়বিচার প্রতিষ্ঠা, অপরাধের দায় নির্ধারণ এবং ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার আন্দোলন। অতীতের গুম-খুন ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।

চকরিয়ার রাজপথে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তাদের বক্তব্যে বারবার উঠে আসে একটি দাবি—অপরাধীর পরিচয় নয়, অপরাধের বিচার চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *