ঈদগাহ উপজেলা প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাহ–ঈদগড় সড়কের হিমছড়ি ঢালার মুখে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে ঈদগাঁও থানা-পুলিশ।
গত ১২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ঈদগাহ উপজেলার ঈদগাহ সদর ইউনিয়নের শিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম ওরফে পুতু ওরফে গুরা পুতুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম ঈদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম শিয়াপাড়া এলাকার বাসিন্দা শামসুল আলম ওরফে ভিলেজার শামসুর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর হিমছড়ি ঢালার মুখে ডাকাতির ঘটনায় ঈদগাঁও থানায় দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় ০৯/১৩০ নম্বর মামলা দায়ের করা হয়। ওই মামলায় এর আগে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. সিফাতুল মাজদার বলেন, ডাকাতি, মাদক ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।