ঈদের আনন্দ হলো বিষাদ, রডবোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ জনের মর্মান্তিক মৃত্যু

মোঃআনজার শাহ :

ঈদের আনন্দ নিয়ে বাড়ি ফেরার পথে না ফেরার দেশে চলে গেলেন ১৭ জন। সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় একটি রডবাহী ট্রাক উল্টে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ঢাকা থেকে টাঙ্গাইলে বাড়ি ফিরছিলেন।

দুর্ঘটনার বিবরণ,

পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা লোহার রডবাহী ট্রাকটির চালক পথিমধ্যে ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে ট্রাকটি রাস্তার ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ১৭ জন।

দুর্ঘটনাস্থলের কাছে অবস্থিত এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানান, ট্রাকটি অতিরিক্ত গতিতে চলছিল বলে ধারণা করা হচ্ছে। বিপরীত দিক থেকে আসা কোনো গাড়ির ধাক্কার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

কারা ছিলেন ট্রাকে,

নিহত ১৭ জন ঢাকা থেকে চালকের সঙ্গে বোঝাপড়া করে ট্রাকে চেপে টাঙ্গাইল ফিরছিলেন। ঈদুল আজহার আনন্দ উপভোগ করতে তাঁরা বাড়ি ফিরছিলেন। তাঁরা টাঙ্গাইলের কোন এলাকার বাসিন্দা এবং তাঁদের নাম-পরিচয় এখনো পুলিশ নিশ্চিত করতে পারেনি।

যানবাহন সংকটে বিপদে সাধারণ মানুষ,

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে লাখ লাখ মানুষ কর্মস্থল থেকে বাড়ি ফিরছেন। আগামী ২৮ মে দেশে ঈদ উদযাপিত হওয়ার কথা রয়েছে। ট্রেন ও বাসসহ পর্যাপ্ত যানবাহনের অভাবে বহু মানুষ বাধ্য হচ্ছেন মালবাহী ট্রাকে উঠতে। এই সুযোগে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই এভাবে বাড়ি ফেরার চেষ্টা করছেন, যা বারবার ডেকে আনছে ভয়াবহ বিপদ।

আহতদের হাসপাতালে ভর্তি,

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *