উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একসঙ্গে চার সন্তানের জন্ম

মোহাম্মদ হোসেন সুমন:

কক্সবাজারের উখিয়ার শরণার্থী ক্যাম্পে এক রোহিঙ্গা মা একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। বিরল এ ঘটনায় জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। ২৯ সপ্তাহের গর্ভাবস্থায় দুই ধাপে স্বাভাবিক প্রসব ও অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানগুলোর জন্ম হয়।

বুধবার (২৫ নভেম্বর) সকালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফ্রেন্ডশিপ হাসপাতাল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৬ বছর বয়সী রোহিঙ্গা নারী জেসমিন বিবি উখিয়ার সি-৬ ক্যাম্পের এ-১ ব্লকের বাসিন্দা। ২৯ সপ্তাহের গর্ভাবস্থায় আলট্রাসনোগ্রাফি পরীক্ষায় তাঁর গর্ভে একাধিক সন্তানের অস্তিত্ব ধরা পড়ে। এরপর গত ১৩ নভেম্বর রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।

চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে হাসপাতাল সূত্রে জানা যায়, ভর্তির পরদিন ১৪ নভেম্বর ভোরে স্বাভাবিক প্রসবের মাধ্যমে প্রথম ছেলেসন্তানের জন্ম দেন জেসমিন বিবি। তবে গর্ভে থাকা বাকি তিন নবজাতকের অবস্থান স্বাভাবিক প্রসবের উপযোগী না থাকায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়।

সে অনুযায়ী, ১৬ নভেম্বর রাতে দ্বিতীয় ও তৃতীয় সন্তান ভূমিষ্ঠ হয়। তাদের মধ্যে একজন ছেলে এবং অপরজন মেয়ে। একই দিন রাত ৯টা ৫৩ মিনিটে চতুর্থ সন্তান হিসেবে জন্ম নেয় আরেকটি কন্যাশিশু।

চিকিৎসক, নার্স ও ধাত্রীদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ মেডিকেল টিম পুরো প্রসবপ্রক্রিয়ায় মায়ের পাশে ছিল। জন্মের পর অপরিণত বয়সে ভূমিষ্ঠ হওয়া চার নবজাতককে নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনাটিকে বিরল ও চ্যালেঞ্জিং উল্লেখ করে ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপক ডা. এস. এম. গোলাম সারওয়ার গণমাধ্যমকে বলেন, মাত্র ২৯ সপ্তাহের গর্ভাবস্থায় একসঙ্গে চার সন্তানের জন্ম দেওয়া চিকিৎসকদের জন্য বেশ কঠিন একটি পরিস্থিতি ছিল। চিকিৎসক, নার্স ও ধাত্রীদের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ প্রসব সম্ভব হয়েছে। বর্তমানে মা ও চার নবজাতকের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তাঁদের সুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *