উত্তরপ্রদেশে আসন বণ্টন নিয়ে কংগ্রেস-সমাজবাদী পার্টির মতবিরোধ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র দুই শরিক কংগ্রেস ও সমাজবাদী পার্টির (এসপি) মধ্যে আসন ভাগাভাগি নিয়ে বিরোধ দেখা দিয়েছে। আসন বণ্টন নিয়ে মতপার্থক্যের পাশাপাশি একতরফাভাবে প্রার্থী ঘোষণায় দুই দলের মধ্যে দূরত্ব আরও বেড়েছে। এ পরিস্থিতিতে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কারও কাছে ভিক্ষা চাইছে না।

আসন সমঝোতা নিয়ে সম্প্রতি দিল্লিতে দুই দলের নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে ১২৬টিতে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দেয় কংগ্রেস। তবে সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক রামগোপাল যাদব জানান, তাদের দল কংগ্রেসকে মাত্র ২৬টি আসন ছাড়তে রাজি। আগের নির্বাচনের ফলাফলের ভিত্তিতে এ প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সমাজবাদী পার্টির এ প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস নেতারা। উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা রাজেন্দ্রপাল গৌতম জানিয়েছেন, তাদের দল ১০০টির কম আসনে লড়তে প্রস্তুত নয়। কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ বলেছেন, ‘আমরা ভিক্ষা চাইছি না।’

এদিকে আসন সমঝোতার আলোচনা চলার মধ্যেই পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে সমাজবাদী পার্টি। ঘোষিত তালিকায় বেহট আসনে উমর আলি খান, সহারানপুর দেহাতে আশু মালিক, কাইরানায় নাহিদ হাসান, আমরোহায় মাহবুব আলি এবং ললিতপুরে জ্যোতি লোধিকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ঘোষিত পাঁচ প্রার্থীর মধ্যে দুটি আসন ইমরান মাসুদের লোকসভা কেন্দ্র সহারানপুরের অন্তর্ভুক্ত। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আলোচনা চলার সময় একতরফাভাবে প্রার্থী ঘোষণা করা হলে আসন সমঝোতার বৈঠকের কোনো অর্থ থাকে না।

দুই দলের বিরোধের মধ্যে বিষয়টি নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। বুধবার তিনি বলেন, ‘রাধে রাধে, তো সবে শুরু। এসপির জন্য রাম নাম সত্যের সময় এগিয়ে আসছে।’ দুই দল পরিবারকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাসী বলেও অভিযোগ করেন তিনি।

আসন বণ্টনের হিসাব নিয়েও দুই দলের মধ্যে মতপার্থক্য রয়েছে। কংগ্রেস ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলকে ভিত্তি করে বেশি আসন চাইছে। অন্যদিকে সমাজবাদী পার্টি ২০২২ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এবং প্রার্থীদের জয়ের সম্ভাবনাকে গুরুত্ব দিতে চায়।

২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ৩৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র দুটিতে জয় পেয়েছিল কংগ্রেস। অন্যদিকে জোটসঙ্গীদের নিয়ে ৩৪৭টি আসনে লড়ে ১১১টিতে জয় পায় সমাজবাদী পার্টি। এর আগে ২০১৭ সালের নির্বাচনে এসপির সঙ্গে জোট করে ১০৫টি আসনে লড়লেও মাত্র সাতটিতে জয় পেয়েছিল কংগ্রেস।

তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জোটের ফলাফল ছিল তুলনামূলক ভালো। উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৬২টিতে প্রতিদ্বন্দ্বিতা করে ৩৭টিতে জয় পায় সমাজবাদী পার্টি। কংগ্রেস ১৭টি আসনে লড়ে ছয়টিতে জয়ী হয়। এই ফলাফলকে সামনে রেখেই আসন বণ্টনে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে দলটি।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশে ক্ষমতা দখলের লক্ষ্য নিয়ে অন্তত ৩৫০টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে সমাজবাদী পার্টি। আগামী ২৭ নভেম্বর দুই দলের পরবর্তী বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে পাঁচ প্রার্থীর নাম ঘোষণায় জোটের অভ্যন্তরীণ বিরোধ আরও প্রকাশ্যে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *