উত্তরায় সড়ক ছাড়লেন পোশাকশ্রমিকরা, স্বাভাবিক যান চলাচল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় বকেয়া বেতন, মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করা পোশাকশ্রমিকরা অবস্থান ছেড়ে দিয়েছেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আন্দোলনকারীরা আনুমানিক দুপুর ১২টার দিকে সড়ক থেকে সরে গেছেন। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড থেকে বিএনএস সেন্টার এবং খিলক্ষেত থেকে আজমপুর পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে গন্তব্যে যাওয়া-আসা করা মানুষ ভোগান্তিতে পড়েন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকরা।

শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি বাসাভাড়া, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার খরচ বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে তাঁরা আন্দোলনে নামেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *