জেলা প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চার দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকার দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া তিন কিশোরী হলেন রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)। তারা সবাই বান্দরবানের লামা থানাধীন ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিমপাড়া এলাকার বাসিন্দা। তাদের মধ্যে তানিয়া সুলতানা ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অন্য দুই কিশোরীর শ্রেণি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর সার্টিফিকেট নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রেশমি আক্তার। পরে অন্য দুই কিশোরীও বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তিন কিশোরীর পরিবারের সদস্যরা গত ১৩ অক্টোবর লামা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে বুধবার রাতে খুলশী থানা পুলিশ ২ নম্বর রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের একটি বাসায় পৃথক অভিযান চালিয়ে তিন কিশোরীকে উদ্ধার করে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়সার হামিদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে, তিন কিশোরী ওই বাসাগুলোতে গৃহপরিচারিকার কাজের জন্য অবস্থান করছিলেন। উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিন কিশোরীকে নিরাপদ ও সুস্থ অবস্থায় তাদের পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। সন্তানদের ফিরে পেয়ে স্বস্তি প্রকাশের পাশাপাশি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের সদস্যরা।